‘প্রফেশনাল ফুটবল খেলোয়াড়দে’র ব্যানারে শনিবার বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন ফুটবলাররা
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বেশ বেকায়দায় পড়েছে ফুটবল ক্লাবগুলো। অনেক ক্লাবের আসন্ন লিগে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। শীর্ষ ফুটবল থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র সরে যাওয়ার গুঞ্জন আছে। দল গঠন নিয়ে অনিশ্চয়তা আছে চট্টগ্রাম আবাহনীরও। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পৃষ্ঠাপোষকরা পিছুটান নেয়ার কারণেই বিপাকে এই ক্লাবগুলো।
ক্লাবের চেয়ে বেশি বিপদে তাদের সঙ্গে চুক্তি করা ফুটবলাররা। শেষ পর্যন্ত এই ক্লাবগুলো যদি ফুটবল থেকে সরেই যায়, তাহলে ঘোর অমানিশা নেমে আসবে অর্ধ শতাধিক ফুটবলারের ক্যারিয়ারে। এই মৌসুমে তারা খেলারই সুযোগ হারাবেন। এদিকে গত ১ জুন শুরু হওয়া ২০২৪-২০২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলবদলের শেষ দিন ১৯ আগস্ট। বিধ্বস্ত আবাহনী, শেখ জামাল, শেখ রাসেলের মতো বড় ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে সেটি ২২ আগস্ট পর্যন্ত তিন দিন বৃদ্ধি করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে এরই মধ্যে চুক্তির খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে, তারা এবার দল গঠন করবে না। তবে শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে এখনো কিছু বলা হয়নি। তবে ক্লাবের কর্মকর্তা সালেহ জামাল সেলিম নিশ্চিত করেছেন তারা লিগে অংশ নিচ্ছে না। চারদিকের নেতিবাচক খবরে খেলোয়াড়দের মধ্যে হতাশা নেমে এসেছে। উপায় না দেখে প্রায় ৫০ জন ফুটবলার শনিবার বাফুফে ভবনে গিয়ে সভাপতি বরাবর বেশ কিছু দাবিনামা পেশ করেছেন।
ফুটবলাররা সংকটাপন্ন মৌসুমের জন্য ৭ দফা দাবি করেছেন বাফুফে সভাপতির কাছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এ মৌসুমে বিদেশী না রাখা এবং দলবদলের সময় বৃদ্ধি। বাফুফে অবশ্য দলবদলের সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিল ফিফার কাছে। ফিফা তিনদিন বাড়িয়ে ১৯ থেকে ২২ আগস্ট করেছে। তবে এই সময়ও যথেষ্ট নয় ক্ষতিগ্রস্ত ক্লাবগুলোর জন্য।
পেশাদার লিগের ফুটবলাররা সভাপতি বরাবর দেওয়া আবেদনে যে ৭ দাবি করেছেন সেগুলো হচ্ছেÑ খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা, দায়সারা লিগ না চালানো, যে ক্লাবগুলো খেলবে না বলে শোনা যাচ্ছে সেসব ক্লাবের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দায়ভার নিশ্চিত করা, বিদেশী ছাড়া লিগ আয়োজন করা, ক্লাবের পৃষ্ঠাপোষক যারা ছিল তাদের ধরে রাখা এবং ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সকল খেলোয়াড়ের আলোচনা সভার আয়োজন করা।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, আমরা একাধিক চিঠি দিয়ে ফিফার কাছে দলবদলের সময় বৃদ্ধির আবেদন করেছিলাম। ফিফা আমাদের জানিয়ে দিয়েছিল বৃদ্ধি সম্ভব না। পরের আরেকটি চিঠি দিয়ে আমরা বলেছিলাম, প্রথম উইন্ডোর ১২ সপ্তাহের মধ্যে আরও ৫ দিন আমাদের হাতে ছিল, সে সময়টুকুও দেওয়া যায় কিনা। ফিফা ৫ দিন বাড়ায়নি, বাড়িয়েছে ৩ দিন। এখন দলবদলের প্রথম উইন্ডো শেষ হবে ২২ আগস্ট। আমরা সেটা ক্লাবগুলোকে অবহিত করেছি।








