ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মোজতবা খামেনির নিরাপত্তার দায়িত্বে নতুন দুর্ধর্ষ কমান্ডো!

প্রকাশিত: ২১:০৮, ১১ মার্চ ২০২৬

মোজতবা খামেনির নিরাপত্তার দায়িত্বে নতুন দুর্ধর্ষ কমান্ডো!

ছবি: সংগৃহীত

ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পালাবদলের পর নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নিরাপত্তায় নিযুক্ত হয়েছে দেশটির সবচেয়ে চৌকস ও বিতর্কিত কমান্ডো ইউনিট ‘নোপো’। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় সাবেক নেতা আলী খামেনির মৃত্যুর পর থেকে ৫৬ বছর বয়সী মোজতবা জনসম্মুখে না আসায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও তেহরান দাবি করেছে তিনি সুস্থ আছেন, তবুও বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে তাঁর নিশ্ছিদ্র সুরক্ষা নিশ্চিত করতে সাধারণ পুলিশ বা রেভল্যুশনারি গার্ডের পরিবর্তে এই দুর্ধর্ষ এলিট ফোর্সকে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৯৯১ সালে গঠিত নোপো (NOPO) বাহিনী মূলত জিম্মি উদ্ধার এবং সন্ত্রাসবাদ দমনের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। তবে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই বাহিনীর ভূমিকা অনেক গভীর। ‘কালো পোশাকধারী’ এই কমান্ডোরা সরাসরি সর্বোচ্চ নেতার প্রতি অনুগত এবং তাঁদের প্রশিক্ষণ আইআরজিসির (IRGC) চেয়েও কঠোর ও নিষ্ঠুর বলে পরিচিত। ১৯৯৯ সালের ছাত্র আন্দোলন থেকে শুরু করে অতি সাম্প্রতিক মাহসা আমিনিকে কেন্দ্র করে গড়ে ওঠা বিক্ষোভ দমনে এই বাহিনীর কঠোরতম ভূমিকা আন্তর্জাতিক মহলে বারবার আলোচিত হয়েছে।

মোজতবা খামেনির উত্তরাধিকার নিয়ে ইরানের বিশেষজ্ঞ পরিষদে জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের মধ্যে মতবিরোধ থাকলেও রেভল্যুশনারি গার্ডের হস্তক্ষেপে তিনি ক্ষমতা গ্রহণ করেন। এই ভঙ্গুর স্থিতিশীলতা বজায় রাখতে নোপোর ছয়টি ব্রিগেডকে বর্তমানে তেহরানসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক কারাগারগুলোর চারপাশে এই এলিট ফোর্সের বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের অভ্যন্তরীণ গণবিক্ষোভ বা বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে যে, বাবার ওপর চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ইরান সরকার এই তথ্য অস্বীকার করলেও নোপো বাহিনীর এই নজিরবিহীন নিরাপত্তা বলয় প্রমাণ করে যে, নতুন নেতার জীবনের ওপর চরম ঝুঁকি রয়েছে। আপাতত একটি সুরক্ষিত ও গোপন আস্তানা থেকেই এই কমান্ডো বাহিনীর পাহারায় দেশের প্রতিরক্ষা ও শাসন ব্যবস্থা তদারকি করছেন মোজতবা খামেনি।

এফএ

×