মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১৬তম দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি যদি জীবিত থাকেন, তাহলে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা জল্পনা ও গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
এই গুঞ্জনের সূত্রপাত হয় ১২ মার্চ প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ভিডিওটিতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহুকে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। এটি ছিল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরুর পর তার প্রথম সংবাদ সম্মেলন। তবে ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী দাবি করেন, সেখানে তার এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এ কারণে অনেকে সন্দেহ প্রকাশ করেন যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদনা করা হতে পারে।
ভিডিওতে নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে লক্ষ্য করে ইঙ্গিতপূর্ণ হুমকি দেন এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটে। তবে শেষ পর্যন্ত সেই পরিবর্তন ইরানের জনগণই ঘটাবে কি না, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এদিকে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যানডেস ওয়িংস সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে লেখেন, ‘বিবি কোথায়?’ পাশাপাশি তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর কার্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে পরে তা আবার সরিয়ে ফেলছে।
তবে এসব গুজব নাকচ করেছে নেতানিয়াহুর কার্যালয়। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব খবর ভুয়া এবং প্রধানমন্ত্রী সুস্থ আছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশ করা হয়নি।
এ.এইচ








