ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে গোলা বারুদ উদ্ধার, আটক ৭ 

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ১৭:১০, ১৫ মার্চ ২০২৬

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে গোলা বারুদ উদ্ধার, আটক ৭ 

খুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড কাতুর্জ ও একটি ককটেল উদ্ধার করেছে কোস্ট গার্ড। অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী খোবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে রূপসা কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, মোঃ সিরাজ মোল্লা (৫৫), মোঃ মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭) সকলেই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।

কোস্টগার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেঃ খালিদ সাইফুল্লাহ প্রেস কনফারেন্সে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টায় জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কাতুর্জ ও একটি ককটেলসহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের সাত জন সদস্যকে আটক করা হয়।

তিনি আরো বলেন, এই দল দীর্ঘদিন ধরে নড়াইল ও খুলনা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এলাকায় সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোস্ট গার্ড আরো জানায়, সময়মতো অভিযান চালিয়ে তাদের আটক করায় সম্ভাব্য বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

 

রাজু

×