ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

উত্তরায় ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সেলিম উদ্দিন

ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা

প্রকাশিত: ১৭:৫৮, ১৫ মার্চ ২০২৬

উত্তরায় ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সেলিম উদ্দিন

ছবি: দৈনিক জনকন্ঠ

‎সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে নগরবাসীর অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

‎শনিবার রাজধানীর তুরাগ এলাকার নলভোগ ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তুরাগ মধ্য থানা আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে এলাকার প্রায় সাত শতাধিক অসচ্ছল ও প্রান্তিক মানুষের মাঝে ১৮ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

‎আগামী ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে সামনে রেখে জনতার উদ্দেশ্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দুর্নীতিবাজ নেতৃত্বের পরিবর্তে আল্লাহভীরু ও জনদরদি নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ডিএনসিসিকে দুর্নীতি, লুটপাট, খানা-খন্দক, দুর্গন্ধ ও মশকমুক্ত আধুনিক নগরীতে পরিণত করতে হবে। এজন্য আগামী নির্বাচনে সৎ, যোগ্য, প্রতিশ্রুতিশীল ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

‎থানা আমীর গাজী মনির হোসাইনের সভাপতিত্বে এবং নায়েবে আমীর কামরুল হাসান ও সেক্রেটারি মুহিব্বুল্লাহ বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সুরুজ্জামান এবং উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আসন্ন ডিএনসিসি নির্বাচনে সুরুজ্জামান ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী। জনসেবা ও মানুষের কল্যাণ করা তার পারিবারিক ঐতিহ্য। কমিশনার হওয়ার আগেই তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ সামগ্রী বিতরণসহ নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

‎তিনি বলেন, নির্বাচিত হওয়ার আগেই সুরুজ্জামান এ ওয়ার্ডের রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন এবং তা অব্যাহত রেখেছেন। নির্বাচিত হলে তিনি ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে কাজ করবেন।

‎সেলিম উদ্দিন আরও বলেন, জামায়াতে ইসলামী গতানুগতিক রাজনৈতিক দল নয়। আমরা রাজনীতিকে ক্ষমতার জন্য নয়, বরং মানবকল্যাণের মাধ্যম হিসেবে দেখি। মানুষের সেবা ও কল্যাণের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।
‎তিনি অভিযোগ করেন, একশ্রেণির রাজনীতিবিদ জনগণের কল্যাণের পরিবর্তে ব্যক্তিস্বার্থে রাষ্ট্রীয় উন্নয়নের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলছে। অনেক উন্নয়ন প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় হয় না এবং মশক নিধন অভিযানের মতো কার্যক্রমেও অনিয়ম দেখা যায়।

‎তিনি বলেন, এ ধরনের অনিয়ম ও দুর্নীতির চক্র থেকে বেরিয়ে এসে সৎ ও জনদরদি নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারলেই নগরবাসীর ভাগ্যের পরিবর্তন সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এফএ

×