ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

বরিশালে ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা চেষ্টার প্রধান আসামি তাপস রায়কে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

হাফিজুর রহমান হীরা, বরিশাল

প্রকাশিত: ১৭:১০, ১৫ মার্চ ২০২৬

বরিশালে ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা চেষ্টার প্রধান আসামি তাপস রায়কে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশালে নার্সারি ব্যবসায়ী মো. মিলন শেখকে অপহরণ করে আটকে রাখা ও হত্যাচেষ্টার অভিযোগে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির পাশাপাশি পলাতক প্রধান আসামি তাপস রায়কে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। রবিবার (১৫ মার্চ) বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলন শেখের ভাগ্নে সিহাব রানা লিখিত বক্তব্যে এসব দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সংঘটিত এই অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনা সমাজের নৈতিক অবক্ষয় এবং আইন-শৃঙ্খলার প্রতি চরম অবজ্ঞার জঘন্য উদাহরণ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বরিশাল নগরীর এয়ারপোর্ট থানার ইছাকাঠী প্রধান সড়ক এলাকার বাসিন্দা ও নার্সারি ব্যবসায়ী মো. মিলন শেখকে গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে বিকাল আনুমানিক ৫টা পর্যন্ত অপহরণ করে আটকে রাখা হয়।

তিনি অভিযোগ করেন, এয়ারপোর্ট থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের রহমতপুর পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে ২ নম্বর আসামি মনোজ বিক্রমের ভাড়াটিয়া বাসায় মিলন শেখকে আটকে রাখা হয়। এ সময় ১ নম্বর আসামি তাপস রায়ের নেতৃত্বে অন্যান্য আসামিরা ভুক্তভোগীর পরিবারের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মিলন শেখকে হত্যার চেষ্টা চালানো হয়।

ঘটনার পর পুলিশ মনোজ বিক্রম ও সুমন সমাদ্দারকে আটক করলেও প্রধান আসামি তাপস রায় এখনো পলাতক রয়েছে। অভিযোগ করা হয়, তাপস রায় বিভিন্নভাবে মিলন শেখের পরিবারকে হুমকি দিয়ে আসছে এবং মামলা তুলে না নিলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা অপহরণ মামলার আসামি তাপস রায়, মনোজ বিক্রম ও সুমন সমাদ্দারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

এ সময় নার্সারি ব্যবসায়ী মিলন শেখ, বরিশাল নার্সারি মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক রানা পালসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজু

×