ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

তুরস্কে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

প্রকাশিত: ১৮:৫৩, ৫ মার্চ ২০২৬

তুরস্কে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

তুরস্কে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে এক বাংলাদেশি বাবা ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরেকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এ ঘটনা ঘটতে পারে।

মৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বাসিন্দা তারেক মিয়া (৪৫) এবং তাঁর ছেলে সাব্বির (২২)। একই বাসায় থাকা সাব্বিরের চাচাতো ভাই লিটন মিয়া (২৬) অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আগে জীবিকার সন্ধানে তুরস্কে পাড়ি জমান তারেক মিয়া। সেখানে তিনি একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। প্রায় দুই বছর আগে তাঁর ছেলে সাব্বিরও তুরস্কে গিয়ে বাবার সঙ্গে বসবাস শুরু করেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফিরে বাবা-ছেলেসহ কয়েকজন একসঙ্গে রাতের খাবার খান এবং পরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তাদের কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তারেক মিয়া ও তাঁর ছেলে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের বরাতে জানা গেছে, তুর্কি পুলিশ প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে। এ ঘটনায় প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে বাবা-ছেলের আকস্মিক মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় তাদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

তারেক মিয়ার স্ত্রী পারভীন আক্তার গভীর শোক প্রকাশ করে বলেন, স্বামী ও সন্তানকে হারিয়ে তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি শেষবারের মতো তাদের মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

×