ছবি: দৈনিক জনকণ্ঠ।
পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান নারীর সম অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশনে (সিএসঊ৭০) এ বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
বেজিং ঘোষণা ও পরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন সূচক লক্ষ্য এগিয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রী জোর দিয়ে বলেন, নারী ও কন্যা শিশুর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, পরিচয় ও আর্থ সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নারী ও কন্যা শিশুর জন্য ন্যায় বিচার উন্মুক্ত হতে হবে। যাতে তারা নির্ভয়ে ও কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা লাভ করতে পারে।
পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন, বাংলাদেশি শান্তি রক্ষা মিশন গুলোতে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান বিশেষভাবে লক্ষণীয়।
ড. রহমান বলেন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অস্থিরতা, সংঘাত এবং ডিজিটাল বিভাজন নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যা বিশেষভাবে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের নারীদের উপর প্রভাব ফেলবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ নারী নেতৃত্বের মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করন, এবং মানব পাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব করছে।
উল্লেখ্য, নারীর অবস্থা বিষয়ক জাতিসংঘের ৭০তম অধিবেশন ২০২৬ সালের ৯-১৯ মার্চ নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। যা সকল নারী ও কন্যা শিশুর জন্য ন্যায় বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করন, বৈষম্যমূলক আইন সমূহ বাতিল করন এবং কাঠামোগত প্রতিবন্ধকতা দূরীকরণের ওপর গুরুত্বারোপ করছে।
এম.কে








