ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

যে ৭টি সহজ অভ্যাসে বদলে যাবে আপনার জীবন!

প্রকাশিত: ১১:১৯, ৬ ডিসেম্বর ২০২৫

যে ৭টি সহজ অভ্যাসে বদলে যাবে আপনার জীবন!

জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ইচ্ছে আমাদের সবার মধ্যেই থাকে। কিন্তু শুরুটা যত সহজ, ধারাবাহিক থাকা তত কঠিন হয়ে পড়ে। প্রথম কয়েক দিন উৎসাহ থাকে, তারপরই তা মিলিয়ে যায়। অথচ সত্য হলো, জীবন বদলাতে বড়সড় সিদ্ধান্ত নয়, বরং ছোট ছোট অভ্যাসই সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখে। নিয়মিত চর্চা করলে মাত্র ৫০ দিনেই শরীর, মন ও শক্তির ওপর এর গভীর প্রভাব দেখা যায়।

নিচের সাতটি অভ্যাস যদি মন থেকে মেনে চলতে পারেন, নিজের মধ্যেই অনুভব করবেন এক নতুন পরিবর্তন।

প্রথমেই গুরুত্ব দিন পর্যাপ্ত ঘুমকে। কাজের চাপে আমরা অনেকেই ঘুম কমিয়ে ফেলি, অথচ প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম শরীর ও মনের জন্য অপরিহার্য। এই অভ্যাস স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ ধরে রাখে এবং দিনের শুরুতে প্রয়োজনীয় শক্তি জোগায়। নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং ঘুমের আগে স্ক্রিন এড়িয়ে চলা কয়েক সপ্তাহেই শরীর-মনকে নতুন সজীবতা দেয়।

দিনের শুরুটা হোক নিজের সঙ্গে, ফোনের সঙ্গে নয়। ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়ায় ডুবে না গিয়ে অন্তত এক ঘণ্টা নিজেকে দিন। স্ট্রেচিং, হালকা বই পড়া কিংবা দিনের পরিকল্পনা যা-ই করুন না কেন, ফোনমুক্ত এই সময় আপনার মনকে শান্ত করবে এবং দিনটাকে আরও সুশৃঙ্খল করে তুলবে।

প্রতিদিন শরীরকে নড়াচড়া করার অভ্যাস করুন। জিমে যাওয়াই নিয়ম নয়। হাঁটা, যোগব্যায়াম, সাঁতার বা হালকা ব্যায়াম যা সহজ মনে হয় তাই করুন। মূল কথা হলো নিয়মিত থাকা। প্রতিদিন মাত্র এক ঘণ্টার সক্রিয়তা শরীরকে শক্তিশালী করার পাশাপাশি মনকে অনাবশ্যক চাপ থেকে দূরে রাখে।

প্রতিদিন অন্তত ১০ পৃষ্ঠা পড়ার লক্ষ্য রাখুন। ছোট্ট এই অভ্যাস মনোযোগ বাড়ায়, চিন্তাকে সমৃদ্ধ করে এবং আপনাকে কিছু সময়ের জন্য স্ক্রিন নির্ভরতা থেকে মুক্ত রাখে। নিজের পছন্দের বই বেছে নিয়ে ধারাবাহিক থাকলে ৫০ দিন পর আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

প্রতিদিন এক ঘণ্টা সময় দিন নতুন কিছু শেখায়। যত ব্যস্ততাই থাকুক, শেখার জন্য এই সময় আলাদা করে রাখুন। ডিজাইন, ভাষা, লেখালেখি কিংবা অন্য যেকোনো দক্ষতা চর্চা মাত্র পঞ্চাশ দিনেই আপনাকে নিয়ে যাবে এক নতুন স্তরে।

খাবারের ক্ষেত্রেও আনুন সহজ ও ভারসাম্যপূর্ণ পরিবর্তন। কঠোর ডায়েট নয়, বরং ঘরে রান্না করা খাবার, বেশি সবজি এবং পর্যাপ্ত পানি শরীরকে চাঙ্গা রাখে। অতিরিক্ত চিনি ও প্যাকেটজাত খাবার কমিয়ে দিলে শক্তি ও মনোযোগ দুই-ই দ্রুত বাড়ে।

ঘুমের আগে অন্তত দশ মিনিট শান্ত সময় কাটান। দিনশেষে নিজের সঙ্গে এই সময়টুকু মনকে স্থির করে, ঘুমের মান উন্নত করে এবং পরদিনের জন্য তৈরি করে। ধ্যান, গভীর শ্বাস-প্রশ্বাস বা নিঃশব্দে ভাবনা যেকোনো কিছুই হতে পারে এই মুহূর্তের অংশ।

পঞ্চাশ দিনে হয়তো আপনি পুরোপুরি বদলে যাবেন না, তবে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তনের ঢেউ চোখে পড়বে। এই ছোট অভ্যাসগুলোই একটি দীর্ঘমেয়াদি রূপান্তরের প্রথম ধাপ এবং জীবনের ছন্দকে ফিরিয়ে আনতে পারে নতুন আলো।

আফরোজা

×