এই খানে রোজ শরৎ সাঁঝে পাহাড় চূড়ার শিরে
মেঘ পরীরাই খেলতে আসে শ্যামলিমার ভিড়ে।
পাহাড় বেয়েই ঝির ঝির ঝির মেঘ পরীদের দল
ঝর্ণাধারার বুকের ওপর নাচে অবিরল।
ঝর্ণাধারার কিনার ঘেঁষে ঢং ছড়ির এক মাঝি
ডিঙি নৌকায় গা দুলিয়ে উঠায় পাতাঝাঁজি।
আকাশ পাহাড় স্রোতের সাথে কী অপরূপ মিল
কাশ বাগানের কাশ ফুলেরা হাসিছে খিলখিল।
কোথাও উঁচু কোথাও নিচু পাহাড়ের কী ঢং
মেঘ পরীরা ধূসর সাদা-পাহাড় সবুজ রঙ।
সেই পাহাড়ের গায়ে গায়ে অনেক মেটো পথ
তাতে কেবল হাঁটা-ই যায় নেই চাকা নেই রথ।
এই এখানে থাকে আজও নানান অবুঝ প্রাণী
বনময়ূর বাঘ হাতি কুমির সিংহ রাজ ও রানী...।
কৃত্রিমতা নেই এখানে নেই কোন দূষণ
কী-ই অপরূপ আমার দেশের ঢং ছড়ির ভূষণ!






