ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ইউরোপে  তাপপ্রবাহে প্রাণ গেল প্রায় ১০ হাজার  মানুষের

প্রকাশিত: ১৫:৪৮, ১৩ জুলাই ২০২৬

ইউরোপে  তাপপ্রবাহে প্রাণ গেল প্রায় ১০ হাজার  মানুষের

ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে মাত্র আট দিনেই ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো (Euromomo)-এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ উদ্বেগজনক তথ্য। রোববার (১২ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ সপ্তাহে কআঘাত হানা এই তাপপ্রবাহ জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে।
ইউরোমোমো, যা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় পরিচালিত একটি পর্যবেক্ষণ সংস্থা, জানিয়েছে—গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত সময়ে ইইউভুক্ত দেশগুলোতে অতিরিক্ত তাপমাত্রার কারণে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া ব্যাহত হওয়া এবং শ্বাসতন্ত্রের জটিলতার কারণে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে। সংস্থাটির মতে, এই প্রাণহানির পেছনে তীব্র তাপপ্রবাহই ছিল প্রধান কারণ।
ইউরোমোমোর কর্মকর্তা এবং ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড প্রতিবেদককে বলেন, “এই মৃত্যুগুলো সরাসরি তাপপ্রবাহের ফল। এর অন্য কোনো ব্যাখ্যা নেই। বছরের এই সময়ে এত অল্প সময়ের মধ্যে এত বিপুলসংখ্যক মানুষের মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।”
তবে কোন দেশে কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি ইউরোমোমো। সংস্থাটি জানিয়েছে, মৃতদের বড় একটি অংশ ফ্রান্স ও বেলজিয়ামের বাসিন্দা।
সরকারি তথ্য অনুযায়ী, অতিরিক্ত গরম ও তাপপ্রবাহের কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে গত আট সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে। এতে স্পষ্ট, চলমান তাপপ্রবাহের প্রভাব স্বল্পমেয়াদি নয়; বরং দীর্ঘ সময় ধরে জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।
এদিকে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিপিসি) জানিয়েছে, ইউরোপে এক সপ্তাহে সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর রেকর্ড হয়েছিল করোনা মহামারির সময়। ২০২০ সালের মে-জুনে মহামারির সবচেয়ে ভয়াবহ পর্যায়ে এক সপ্তাহে ১ হাজার ৬৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞানীদের মতে, সাম্প্রতিক এই তাপপ্রবাহের পেছনে মানুষসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে ইউরোপে আরও ঘন ঘন এবং আরও তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।

×