ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন

প্রকাশিত: ০১:৩৪, ১২ জুলাই ২০২৬

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন মিকেল মেরিনো। তার ৮৮তম মিনিটের গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে লা রোজা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দীর্ঘ সময় ১-১ সমতায় ছিল। অতিরিক্ত সময়ের দিকে এগোতে থাকা ম্যাচে ৮৬তম মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে মাঠে নামেন মেরিনো। মাত্র দুই মিনিট পরই জয়সূচক গোল করে স্পেনকে উল্লাসে ভাসান তিনি।
গোলটির পেছনে বড় ভূমিকা ছিল বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেনে লামেন্সের ভুলের। পাউ কুবারসির নিচু শট তিনি ঠেকাতে পারলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে জালে বল জড়িয়ে দেন মেরিনো।
এই জয়ে আগামী মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। বলের দখলে এগিয়ে থাকা স্পেন ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায়। কোচ লুইস দে লা ফুয়েন্তের আস্থার প্রতিদান দিয়ে দুর্দান্ত গোল করেন এই মিডফিল্ডার।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে বেলজিয়াম। ৪১তম মিনিটে চার্লস ডি কেটেলারারের দারুণ হেডে ১-১ হয় ম্যাচ। এই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের জালে বল জড়ায় কোনো প্রতিপক্ষ।
দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পাচ্ছিল না। ৭২তম মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। চিকিৎসার পরও খেলা চালিয়ে যেতে না পেরে আবেগাপ্লুত অবস্থায় মাঠ ত্যাগ করেন তিনি।
তার পরিবর্তে নামা সেনে লামেন্স শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে রাখলেও শেষ মুহূর্তের একটি ভুলেই বেলজিয়ামের স্বপ্ন ভেঙে যায়।
বিশ্বকাপসহ বড় আসরগুলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে আগেও নিজের কার্যকারিতা দেখিয়েছেন মিকেল মেরিনো। এবারও শেষ মুহূর্তের গোল করে স্পেনকে সেমিফাইনালে তুলে সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি।
অন্যদিকে, রোমেলু লুকাকুকে ঘিরে বেলজিয়ামের যে প্রত্যাশা ছিল, তার প্রতিফলন দেখা যায়নি। বেঞ্চ থেকে নেমেও ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি এই তারকা ফরোয়ার্ড।
শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শিরোপার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল স্পেন। আর শেষ মুহূর্তের হতাশা নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো

×