ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ০২:১৯, ১৩ জুলাই ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে অবিচল ছিলেন। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। দৃঢ়তা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তার সাহসী ভূমিকা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, বিচক্ষণ রাষ্ট্রনায়ক ও দেশপ্রেমিককে হারাল। তার সততা, প্রজ্ঞা, আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোকবার্তার শেষাংশে প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল  ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি মরহুমের পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

×