মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে মিত্রদের পর্যাপ্ত সাড়া না পাওয়ায় ন্যাটো ও যুক্তরাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় সময় রোববার ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যেসব দেশ এই পথের সুবিধা ভোগ করে, তাদেরও এতে ভূমিকা রাখা উচিত। তিনি বলেন, ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় যদি মিত্ররা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে, তাহলে ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’ অপেক্ষা করছে। তিনি বলেন, মিত্ররা যদি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে সহায়তা না করে, তবে সামরিক জোট ন্যাটো গুরুতর সংকটে পড়তে পারে।
এর আগে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। তবে সে আহ্বানে তেমন সাড়া মেলেনি বলে উল্লেখ করেন তিনি।
এ সময় ইরান ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাজ্যকে দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ধরা হলেও প্রয়োজনের সময় তারা এগিয়ে আসেনি।
ট্রাম্পের ভাষায়, যখন যুক্তরাষ্ট্র ইরানের বিপজ্জনক সক্ষমতা দমনে পদক্ষেপ নেয়, তখন পরে এসে সহায়তার কথা বলেছে কিছু দেশ। কিন্তু এমন সহায়তা সংঘাতের পর নয়, বরং আগেই প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ট্রাম্প জানান, গুরুত্বপূর্ণ এই জলপথ উন্মুক্ত রাখতে চীনের ওপর চাপ সৃষ্টি করতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে নির্ধারিত বৈঠক পিছিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন।
তার মতে, যারা হরমুজ প্রণালির সুবিধা ভোগ করে, তাদেরই এই পথের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসা উচিত।
নোভা








