ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক

দেশের সব পোশাক কারখানা আজ বন্ধ থাকবে

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:১২, ৩০ ডিসেম্বর ২০২৫; আপডেট: ২৩:২৯, ৩০ ডিসেম্বর ২০২৫

দেশের সব পোশাক কারখানা আজ বন্ধ থাকবে

খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়ে পোশাক মালিকদের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার পোশাক মালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানায় সংগঠনটি। চিঠিতে বিজিএমইএ জানিয়েছে, দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বিজিএমইএ-এর সদস্যভুক্ত সব পোশাক শিল্প কারখানায় আগামী ৩১ ডিসেম্বর (আজ বুধবার) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিজিএমইএ। মঙ্গলবার বিজিএমইএর পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সমগ্র পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ একজন অভিভাবক ও কালজয়ী দেশপ্রেমিক নেতাকে হারাল। 
জাতীয় জীবনে এই অপূরণীয় শূন্যতা পূরণ হওয়ার নয়। বিশেষ করে, তৈরি পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রসারে তার আন্তরিকতা এবং সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তগুলো আমাদের এই শিল্পের অগ্রযাত্রায় চিরকাল মাইলফলক হয়ে থাকবে। দেশের শিল্প ও বাণিজ্যের ইতিহাসে তার অর্থনৈতিক দর্শন ও কর্মময় জীবন অম্লান হয়ে থাকবে।

প্যানেল হু

×