ঈদুল ফিতর উপলক্ষে পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো আজ (১৯ মার্চ) সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এদিন নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে।
বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনায় বলা হয়েছে, তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে ঈদের আগের সরকারি ছুটির দিনেও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা হয়েছে।
ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প ঘন এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো এ সুবিধার আওতায় রয়েছে।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
এ সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও জানানো হয়েছে নির্দেশনায়।
উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে সরকার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় স্বাভাবিকভাবে ব্যাংক বন্ধ থাকলেও, পোশাকশিল্প খাতের প্রয়োজন বিবেচনায় এসব এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখা হয়েছে।
নোভা








