টি২০ সিরিজ
অস্টেলিয়ায় টপ এন্ড টি২০ সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ হাই পারফর্ম্যান্স (এইচপি) একাদশ। আজ রবিবার (১৮ আগস্ট) সকালে ডারউইনে অনুষ্ঠিত সেমি ফাইনালে নর্দার্ন টেরিটোরিকে ২১ রানে হারিয়েছে তারা। ফাইনাল আজই দুপুর ১২টা ৩০ মিনিটে।
আগে ব্যাট করে বাংলাদেশ এইচপি ২০ ওভারে করে ৬ উইকেটে ১৩৮ রান। মাত্র ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে এইচপি। তবে শামীম হোসেন পাটোয়ারী ৩৪ বলে চারটি চার হাঁকিয়ে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার সঙ্গে দারুণ ব্যাট করে মাহফুজুর রহমান রাব্বি ২০ বলে ১ ছক্কায় করেন ২১ রান।
এছাড়া আফিফ হোসেন ১৬ বলে ৪ বাউন্ডারিতে করেন ২২ রান। নর্দার্ন টেরিটোরির ম্যাট হ্যামন্ড নেন ২ উইকেট।
জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৭ রান করতে সক্ষম হয় নর্দার্ন টেরিটোরি। ওপেনার জেক উইথেরাল্ড ২৯ বলে ৩ চার, ১ ছক্কায় সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া ৯ নম্বরে নেমে সিলান ম্যালাডে ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ এইচপির স্পিনারদের মিতব্যয়ী বোলিং দাপটে আর কেউ ভালো করতে পারেননি।
যদিও পেসার রিপ্ন মন্ডল ৩৬ রানে ৩ উইকেট নেন। কিন্তু স্পিনারদের মধ্যে রাকিবুল হাসান ৪ ওভারে ১৫ রান দিয়ে ২টি ও আলিস আল ইসলাম ৪ ওভারে ১৬ রানে ১টি উইকেট নেন।
ফাইনালে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেইড স্ট্রাইকার্স। তারা অন্য সেমির লড়াইয়ে ৩০ রানে হারিয়েছে পাকিস্তান শাহীন্সকে।
এসআর








