রমজান মাস ও ঈদুল ফিতরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সদকাতুল ফিতর বা ফিতরা। এর মূল উদ্দেশ্য হলো, সমাজের দরিদ্র মুসলমানরাও যেন ঈদের আনন্দে শামিল হতে পারে। তাই সামর্থ্যবান মুসলমানদের ওপর এই দান আদায় করা বাধ্যতামূলক করা হয়েছে।
ইসলামি শরিয়ত অনুযায়ী, ঈদের দিন সকালে ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করা সবচেয়ে উত্তম সময়। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) ঈদের নামাজে বের হওয়ার আগেই ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। (সহিহ বুখারি: ১৫০৯)
তবে সাহাবায়ে কেরামের আমল থেকে জানা যায়, ঈদের এক বা দুই দিন আগেও ফিতরা আদায় করা হয়েছে। নাফে (রহ.) বর্ণনা করেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) ঈদের এক-দুদিন আগে ফিতরা প্রদান করতেন। (সুনানে আবু দাউদ: ১৬০৬)
ইসলামি আইনবিশারদদের মতে, রমজান শুরু হওয়ার পর থেকেই ফিতরা আদায় করা বৈধ। এমনকি কেউ যদি রমজানের আগেই ফিতরার নিয়তে দান করে, তাও ফিতরা হিসেবে গণ্য হতে পারে। তবে উত্তম হলো রমজানের শেষের দিকে বা ঈদের দিন নামাজের আগে এটি আদায় করা।
ফিতরা আদায় করা কার ওপর ওয়াজিব, সে বিষয়েও ইসলামে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ঈদুল ফিতরের দিন সকালে যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তার ওপর ফিতরা ওয়াজিব হয়। নেসাব বলতে বোঝায় সাড়ে সাত ভরি সোনা, সাড়ে বায়ান্ন ভরি রুপা বা এর সমমূল্যের নগদ অর্থ কিংবা ব্যবসায়িক সম্পদ থাকা। এমন ব্যক্তি নিজের পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকেও ফিতরা আদায় করবেন।
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) প্রত্যেক মুসলমানের জন্য—স্বাধীন বা দাস, ছোট বা বড়, নারী বা পুরুষ—এক ‘সা’ (প্রায় ৩ কেজি ২৭০ গ্রাম) খাদ্যশস্য যেমন গম বা খেজুরের সমপরিমাণ ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। এবং তা ঈদের নামাজের আগে প্রদান করার কথাও বলেছেন। (সহিহ বুখারি: ১৫০৩)
ফিতরা ওয়াজিব হওয়ার সময় সম্পর্কেও একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। ঈদুল ফিতরের দিন সূর্যোদয়ের সময় ফিতরা ওয়াজিব হয়। তাই যদি কোনো শিশুর জন্ম ঈদের দিন সূর্য ওঠার আগে হয়, তাহলে তার পক্ষ থেকেও ফিতরা দিতে হবে। কিন্তু সূর্যোদয়ের পরে জন্ম হলে সেই শিশুর জন্য ফিতরা ওয়াজিব হবে না।
অন্যদিকে স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তানরা যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক না হন, তাহলে তাদের ওপর ফিতরা ওয়াজিব হয় না। সে ক্ষেত্রে তাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া বাধ্যতামূলক নয়।
এ.এইচ








