অনলাইনে ইদের শুভেচ্ছা ও ইদ সালামি আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ি ফেরার নানা ভিডিও আমাদের আবেগঘন করে তুলে। ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানে চোখ ভিজে ওঠে অনেকের। উৎসবের এই আবহেও কিছু বাস্তব সমস্যা আমাদের আনন্দকে ভাবমূর্ছা করতে বাধ্য করে। লাগামহীন মূল্যস্ফীতি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ঈদ এলেই যেন মূল্যবৃদ্ধির এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সঙ্গে আছে ঈদযাত্রার সেই চিরাচরিত চরম জনদুর্ভোগ। প্রতি বছর অতিরিক্ত ভাড়া, তীব্র যানজট আর জীবনের ঝুঁকি নিয়ে জনগণের যাতায়াত উৎসবের আমেজকে মরণফাঁদে পরিণত করে। বর্তমানে ঈদ উদযাপনে সহমর্মিতার চেয়ে বিলাসিতা ও প্রদর্শনেচ্ছা বেশি প্রাধান্য পাচ্ছে। নিজের সামর্থ্যরে বাইরে গিয়েও অন্যের চেয়ে দামি ব্র্যান্ডের পোশাক কেনাকে আভিজাত্যের প্রতীক মনে করা হচ্ছে, যেখানে পাশের অভাবী মানুষের হক ভুলে যাওয়া হয়। কেনাকাটা বা দামি রেস্টুরেন্টে খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করা, যা সুবিধাবঞ্চিতদের মনে হীনম্মন্যতা তৈরি করে। এছাড়া আগে ঈদের দিনে সবাই গোল হয়ে বসে আড্ডা ও খুনসুটিতে মাতত। এখন আকাশ সংস্কৃতির বদৌলতে, সবাই একসঙ্গে বসে থাকলেও প্রত্যেকের চোখ থাকে নিজের ফোনের স্ক্রিনে। সরাসরি কথা বলার চেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড বা অন্যের পোস্টে সাড়া দেওয়াতেই মানুষ বেশি ব্যস্ত। ঈদযাত্রার ভোগান্তির প্রধান কারণ হলো অপরিকল্পিত পরিবহন ব্যবস্থাপনা ও ফিটনেসবিহীন যানবাহনের দাপট। এরপর রমজানের বাজারে লাগামহীন মূল্যস্ফীতির মূলে রয়েছে অসাধু সিন্ডিকেটের কারসাজি এবং স্থানীয় বাজারে চাহিদার তুলনায় জোগানের অসামঞ্জস্যতা। অর্থনীতিবিদদের মতে, উৎসবের মৌসুমে বাজারে অর্থের প্রবাহ বাড়লেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণের ক্রয়ক্ষমতা কমিয়ে দেয়। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর পোশাক ও রন্ধন সামগ্রীর দাম গড়ে ১০-১৫% বৃদ্ধি পেয়েছে। বাজার দরের সঙ্গে বাজেটের সমতা করতে না পেরে অনেক সময় উৎসবের পরবর্তী দিনগুলো মধ্যবিত্তের জন্য কষ্টকর হয়ে ওঠে। ঈদের আনন্দকে নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজন কঠোর বাজার মনিটরিং ও পরিকল্পিত পরিবহন ব্যবস্থাপনা। ঈদের দিনের কিছু সময় পরিবার, আপনজনের সঙ্গে কাটানোর অভ্যাস করা চাই। ভুল বোঝাবুঝি ভুলে, একে অপরের সঙ্গে আলিঙ্গন করে, সম্পর্কগুলো নতুন করে শুরু করার সুযোগ করে দেয় ঈদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
প্যানেল/মো.








