ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:২৭, ১৫ মার্চ ২০২৬; আপডেট: ১২:২৭, ১৫ মার্চ ২০২৬

রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংস্কার পরিষদের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি যে অধিবেশন আহ্বান করেছেন তা জাতীয় সংসদের, কোনো সংস্কার পরিষদের নয়। সংবিধান অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে সংসদের অধিবেশনই অনুষ্ঠিত হচ্ছে এবং সেই অধিবেশনেই তারা অংশ নিচ্ছেন।

রোববার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে যোগ দেওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘জুলাই জাতীয় সনদ’-এর আওতায় যে পরিষদ গঠনের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে এমন কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের কোনো পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধন আনতে হবে। সংসদে আলোচনা শেষে সেই সংশোধনী পাস হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এরপর প্রয়োজন হলে পরিষদ গঠন ও সদস্যদের শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসতে পারে।

স্পিকার ও ডেপুটি স্পিকারের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তারা সংসদের পদ থেকে নয়, শুধুমাত্র দলের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কারণ দলীয় দায়িত্ব আর পালন করতে চান না বলেই তারা সেই পদ থেকে পদত্যাগ করেছেন।

এ.এইচ

×