স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা মোটেই কম হয় না। বিশেষজ্ঞরা বলেন, ‘খাবারই হোক ওষুধ আর ওষুধ হোক খাবার।’ আর বর্তমান সময়ে কোভিড-১৯ এর ভয়াবহতা সবাই যখন গৃহবন্দী, তখন খাবারই আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতাকে জোরদার করার অন্যতম প্রধান উপায়। ‘লকডাউনের এই সময়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধরে রাখতে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে ইউনিসেফ, মূল প্রতিপাদ্য বিষয় হলো জীবাণুমুক্ত খাবার গ্রহণ এবং প্যাকেটজাত খাবার জীবাণুমুক্ত রাখতে করণীয়।
খাবার কেনা
খাবার কিংবা তার মোড়ক থেকে করোনাভাইরাস সংক্রমণ হতে পাওে এমন কোন প্রমাণ এখন পর্যন্ত নেই। তার মানে এই নয় যে তা সম্ভব নয়। বিভিন্ন জড়বস্তুর ওপর করোনাভাইরাসের সক্রিয় থাকার সময়কাল সম্পর্কে আমরা জানতে পেরেছি, যা স্পর্শ করলে সংক্রমিত হওয়া সম্ভব। নিজে বাজার করুন আর হোম ডেলিভারি নিন, বাজারের ব্যাগ, খাবারের মোড়ক কিংবা কাঁচা তরকারির ওপরেও করোনাভাইরাস পড়ে থাকতে পারে এবং সেগুলো স্পর্শ করার মাধ্যমে ও হাত পরিষ্কার করা না হলে আক্রান্ত হতে পারেন প্রাণঘাতি কোভিড-১৯ এ।
আবার বাজার করতে গিয়ে দোকানি ও অন্যান্য ক্রেতাদের কাছ থেকে নিরাপদ দূরত্ব রাখা অনেকটাই অসম্ভব, বিশেষ করে আমাদের দেশে। অর্থাৎ বাজারের দোকানি, অন্যান্য ক্রেতা, এমনকি বাসায় ‘ডেলিভারি’ দিতে আসা মানুষটিও আপনার সংক্রমণের কারণ হতেই পারে।
এসব ক্ষেত্রে নিরাপদ থাকার একমাত্র উপায় হলো সর্বোচ্চ ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা করা। বাইরে থেকে আসা যে কোন জিনিস স্পর্শ করার পরই হাত পরিষ্কার করতে হবে সাবান পানি দিয়ে।
পণ্য জীবাণুমুক্ত করতে
প্রথমেই খাবারের মোড়ক যার পরিবর্তীতে কোন প্রয়োজন নেই তা ময়লার ঝুড়িতে ফেলে দিতে হবে। ঢাকনাওয়ালা ময়লার ঝুড়ি ব্যবহার করতে হবে। খাবারের কৌটা খোলার আগেই তার বাইরের অংশে জীবাণুনাশক প্রয়োগ কওে মুছে নিতে হবে। কাঁচা তরকারি ধুতে হবে বহমান পানিতে, পাত্রে জমানো পানিতে নয়। সম্ভব হলে সেখানেও সাবান ব্যবহার করতে পারেন। ধোয়া হয়ে গেলে তৎক্ষণাৎ সাবান দিয়ে হাতের কনুই পর্যন্ত ধুয়ে নিতে হবে এবং বাড়তি সাবধানতার জন্য হাত মুছে নিয়ে ‘হ্যান্ডরাব’ কিংবা ‘স্যানিটাইজার’ ব্যবহার করতে হবে।
অন্যান্য সতর্কতা
* রান্না ও খাবার পরিবেশনের আগে সব সময় সাবান দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।
* মাছ, মাংস কাটার জন্য আলাদা ‘চপিং বোর্ড’ ব্যবহার করতে হবে।
* নষ্ট হয়ে যায় এমন খাবার ফ্রিজে কিংবা হিমায়িত করে রাখতে হবে যতটা সম্ভব। মেয়াদোত্তীণের তারিখ ও সময়ের দিকে নজর রাখতে হবে।
* ময়লা জমানো যাবে না। প্রতিদিনের বর্জ্য সেদিনই যথাস্থানে ফেলতে হবে। ময়লা ফেলাতেও পরিচ্ছন্ন তা প্রয়োজন। একটি ব্যাগে সব বর্জ্য বেঁধে ফেলা উচিত। ময়লার ব্যাগে কোনো ধারাল বস্তু ফেলবেন না, আলাদা ব্যাগে ফেলতে হবে।
* প্রতিবার খাবার পরিবেশন ও খাওয়ার আগে থালাবাসন, চামচ পরিষ্কার কওে নিতে হবে। সেই সঙ্গে নিজেও হাত ন্যূনতম ২০ সেকেন্ড সাবান দিয়ে ধুতে হবে। নিজে করার পাশাপাশি পরিবারের ছোটদের একই অভ্যাস করানো আবশ্যক।
যাপিত ডেস্ক








