ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ভূমিকম্পের সময় বিপদ এড়াবেন যেভাবে

প্রকাশিত: ১১:২০, ২৬ নভেম্বর ২০২৫

ভূমিকম্পের সময় বিপদ এড়াবেন যেভাবে

ঘন ঘন ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। সাম্প্রতিক কম্পনগুলো বিশেষজ্ঞদের সামনে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এমন সময়েই তারা মনে করিয়ে দিচ্ছেন সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারলে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগেও বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব। নিচে বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী ভূমিকম্পের সময় করণীয়গুলোর বিস্তৃত ব্যাখ্যা তুলে ধরা হলো।

ভূমিকম্প শুরু হলে কোথায় আছেন—তার ওপর নির্ভর করে প্রথম করণীয় ঠিক করতে হবে। আপনি যদি বিছানায় থাকেন, সঙ্গে সঙ্গে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখুন। এতে ছাদ বা দেয়ালের ভাঙা অংশ মাথায় পড়ে গুরুতর আঘাত লাগার ঝুঁকি কমে। আর যদি অন্য কোথাও থাকেন, সরাসরি মজবুত টেবিল, ডেস্ক বা কোনো শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। মাথা ও ঘাড় রক্ষায় হাত দিয়ে ঢেকে রাখা জরুরি। 

ভবনের ভেতরে থাকলে এবং দ্রুত বাইরে যাওয়া কঠিন হলে পিলারের কাছে দাঁড়ানো অপেক্ষাকৃত নিরাপদ। আবার যদি খোলা জায়গায় যাওয়ার সুযোগ থাকে, সেটা সবচেয়ে ভালো বিকল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আতঙ্কিত না হওয়া। অনেক সময় ভয়ই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

ভূমিকম্পের সময় গ্যাস বা আগুন জ্বালানো অত্যন্ত বিপজ্জনক। তাই গ্যাসের চুলা জ্বলতে থাকলে সঙ্গে সঙ্গে নিভিয়ে দিতে হবে এবং গ্যাস লাইন বন্ধ রাখতে হবে। টেলিভিশন, কম্পিউটার, ফ্রিজসহ অন্যান্য ইলেকট্রিক সরঞ্জামও বন্ধ রাখা প্রয়োজন, যাতে শর্ট সার্কিট বা আগুন লাগার ঝুঁকি না থাকে।

কোনোভাবে দেয়ালের নিচে চাপা পড়লে প্রথমেই কাপড় দিয়ে মুখ ও নাক ঢেকে রাখতে হবে, যাতে ধুলাবালি শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে। আপনি যদি বাজার, মার্কেট, হাসপাতাল, গার্মেন্টস, সিনেমা হল বা অন্য কোনো ভিড় এলাকায় থাকেন, তাহলে বের হওয়ার সময় ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলা করা যাবে না। শান্ত থেকে দুই হাত দিয়ে মাথা ঢেকে ধীরে ধীরে নিরাপদ জায়গায় যেতে হবে।

অনেকে আতঙ্কে লিফট ধরে নিচে নামতে চান, যা হতে পারে ভয়াবহ ভুল। ভূমিকম্প থেমে যাওয়ার পর কেবল সিঁড়ি ব্যবহার করা নিরাপদ। লিফট যেকোনো সময় আটকে যেতে পারে বা যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে।

আপনি যদি গাড়ির ভেতর থাকেন, তাহলে গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন। ওভারব্রিজ, ফ্লাইওভার, বৈদ্যুতিক খুঁটি বা বড় গাছের নিচে গাড়ি থামানো বিপজ্জনক হতে পারে। কম্পন থেমে গেলে গাড়ি চালানো শুরু করুন।

বিপদের সময় প্রয়োজনীয় জিনিস হাতের কাছে থাকলে ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই বাড়িতে বা গাড়িতে ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, মোমবাতি, প্রয়োজনীয় ওষুধ, পানি ও কিছু শুকনো খাবার রাখা যেতে পারে। একটি ফার্স্ট এইড বক্স থাকলে তা জরুরি মুহূর্তে বড় সহায়ক হতে পারে।

ভূমিকম্প কখনই পুরোপুরি ঠেকানো যায় না। তবে সচেতনতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সামান্য প্রস্তুতিই জীবন রক্ষার সবচেয়ে বড় উপায়। তাই এখন থেকেই নিয়মগুলো মনে রাখুন, নিরাপদ রাখুন নিজে ও আপনার পরিবারকে।

আফরোজা

×