ছবি: জনকন্ঠ
ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও খুনের শিকার এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিল করেছে বৃহত্তর বগুড়া সমিতির শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ও শিক্ষার্থীবৃন্দ।
আজ সোমবার বিকাল ৫টায় (০৯ মার্চ ২০২৬) ঢাকায় শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ফ্যাসিবাদের আমলে গুম ও খুনের শিকার এবং জুলাই শহীদ-আহত পরিবারের সদস্য ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।
বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার। অনুষ্ঠানে তিনি ও অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন, ছোট শিশুদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ঈদের উপহার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক বেলাল, ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
বৃহত্তর বগুড়া সমিতির প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কৃষিবিদ মাহমুদুল হাসান খান এবং মো. নাহিয়ান হোসেন।
প্রসঙ্গত, ইফতার মাহফিলের আগে গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাই গণআন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবির উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।
শহীদ








