ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জবি উপাচার্যের প্রতি অনাস্থা ও পদত্যাগের দাবি ইউট্যাবের

ওমর ফারুক জিলন, জবি সংবাদদাতা 

প্রকাশিত: ১৯:০৭, ৯ মার্চ ২০২৬

জবি উপাচার্যের প্রতি অনাস্থা ও পদত্যাগের দাবি ইউট্যাবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপচার্য অধ্যাপক রেজাউল করিম বিরুদ্ধে ব্যর্থতা ও গুপ্ত দলীয় আনুগত্যতার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় শাখা ইউট্যাবের নেতৃবৃন্দ উপাচার্যের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে এবং পদত্যাগের দাবি জানিয়েছে। 

ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উপাচার্যকে কেন্দ্র করে অনেক আকাঙ্খা তৈরি হলেও এর কিছুই তিনি বাস্তবায়ন করতে পারেননি। এর কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে, তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে কতিপয় বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে উক্ত পদে নিয়োগ পেয়েছেন। এবং তিনি নিজেও একাধিকবার স্বীকার করেছেন যে তার নিয়োগ কতৃপক্ষ হলো জামায়াত-শিবির। ফলে তিনি নিয়োগ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পরিবর্তে উক্ত বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।


বিবৃতিতে বলা হয়, আন্দোলনের মাধ্যমে ৫৬ কোটি টাকার আবাসন বৃত্তি, বেদখল হওয়া হল উদ্ধার এবং কেরাণীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন করা সহ সরকারের কাছ থেকে নানান প্রতিশ্রুতি আদায় করেন। কিন্তু এই আন্দোলনের ফলাফলকে বাস্তবায়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হন বর্তমান উপাচার্য।

বিবৃতিতে ক্ষমতাকে পাকাপোক্ত করতে সাংবাদিকদের ব্যবহার অভিযোগ তুলে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ না করে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে সাংবাদিকদের ব্যবহার করছেন তিনি। ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে তিনি পরিকল্পিত ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১৮ বছর ধরে চর্চা হওয়া গঠনতন্ত্রের উপদেষ্টার পদ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কে বাদ দিয়েছেন এবং সাংবাদিক সমিতির উপর একটি বিশেষ রাজনৈতিক দলের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন।

বিবৃতিতে উপাচার্যের প্রতি অনাস্থা জ্ঞাপন করে পদত্যাগের দাবি জানিয়ে বলা হয়, এমতাবস্থায় ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য হলো সরকার বিরোধী রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করার কারণে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির মধ্যমে বিএনপি নবগঠিত সরকারকে সমালোচিত করার কারণে ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের প্রতি অনাস্থা জ্ঞাপন করছে এবং বিশ্ববিদ্যালয় ছুটি হবার আগেই সম্মানের সাথে পদত্যাগ করার দাবি জানাচ্ছে। অন্যথায় ইউট্যাবের কার্যকরী পরিষদের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত সকলের পক্ষ থেকে বর্তমান উপাচার্যকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে।

রাজু

×