স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর রহমান (৩৩) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে। সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলার মহেশপুর পাকড়ডাঙ্গা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের দক্ষিণ সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুল হাসান জানান, সোমবার দুপুরে চিন্তামন থেকে ছেড়ে আসা একটি পিকআপ ফুলবাড়ীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা ব্যাটারীচালিত একটি অটোভ্যান গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এদিকে পিকআপটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। চালক পলাতক রয়েছে। এব্যাপারে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।







