ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

কক্সবাজারে বালু মহাল থেকে ১১সেলুমেশিন জব্দ

প্রকাশিত: ০৪:১৬, ২৭ জানুয়ারি ২০১৯

কক্সবাজারে বালু মহাল থেকে ১১সেলুমেশিন জব্দ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযানে অবৈধ বালু মহল থেকে ১১টি সেলুমেশিন, সরঞ্জামাদি ও একটি ডাম্পার গাড়ী জব্দ করা হয়েছে। ওসময় কৌশলে পালিয়ে যায় জড়িতরা। চকরিয়া খুটাখালী সংরক্ষিত বনাঞ্চল মধুশিঁয়া নামের এলাকায় এ অভিযান চালানো হয় বলে রবিবার সকালে রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খুটাখালীর আনোয়ার হোসেন মেম্বারসহ চকরিয়ার রহিম মেম্বার, বাবুল, নাছির, খুটাখালীর সাইফুল, বশির ড্রাইভার, পেটান, জয়নাল, কামাল, হুমাইয়ুন, সালাহ উদ্দিন, বেলাল, শামসু ও মিন্টুসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র দীর্ঘ সময় ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। বালু উত্তোলন কাজে ব্যবহার করা হয় ডজনাধিক নিষিদ্ধ সেলুমেশিন। এতে মধুশিঁয়া গুধার পাড় এলাকায় শতাধিক একর বনভুমি ও ছড়াখালের অংশ বিলীন হয়ে গেছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া বলেন, কিছু অসাধু বালু ব্যবসায়ী সংরক্ষিত বনাঞ্চল খুটাখালীর মধুশিঁয়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছিল। ট্রাক যোগে এসব বালু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বিষয়টি বন বিভাগের নজরে আসলে বিজিবি সহকারে যৌথ অভিযান চালানো হয়। জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে। রামু বিজিবি-৩০ ব্যাটালিয়নের একদল বিজিবি সদস্য ফুলছড়ি রেঞ্জ অধীনস্থ সকল বিট কর্মকর্তা, স্টাফ, ভিলেজার, ইউপি সদস্যরা অভিযান চলাকালে উপস্থিত ছিলেন।
×