স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাক প্রতিবন্ধী এক নারী (৪০)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত হৃদয় (২২)কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে জালকুড়ি পূর্বপাড়া এলাকায়। এ ঘটনায় রবিবার সকালে ওই নারীর ভাই বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় লোকজন ও ওই নারীর পরিবার জানায়, জালকুড়ি পূর্বপাড়া এলাকার বাক প্রতিবন্ধী ওই নারী শনিবার বিকেলে তার এক ভাইয়ের বাসা থেকে অন্য ভাইয়ের বাসায় যাওয়ার সময় একই এলাকার হৃদয় নামে এক যুবক তাকে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় কয়েক নারী দেখে ফেলেন। পরে তারা ওই পরিত্যক্ত বাড়ির কাছে গেলে হৃদয় তাদেরকে দেখে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় নারীরা ওই প্রতিবন্ধি নারীকে উদ্ধার করে তার ভাইয়ের বাড়িতে নিয়ে আসে।
এ সময় বাকপ্রতিবন্ধী ওই নারী ইশারা-ইঙ্গিতে তার ভাইয়ের স্ত্রীর কাছে ধর্ষণের বিষয়টি অবহিত করে। পরে বিকেলে প্রতিবন্ধি নারীর ভাই স্থানীয়দের সহায়তায় জালকুড়ির মাদবর বাজার এলাকা থেকে হৃদয়কে আটক করে। পরে উত্তেজিত জনতা হৃদয়কে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে ওই নারীর ভাই বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে রবিবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানায়, গ্রেফতারকৃত হৃদয়কে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ পারভেজ জানায়, ওই নারী বাক প্রতিবন্ধী। তাই সে কিছুই বলতে পারছে না। বিষয়টি নিশ্চিত হতে আমরা ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছি। তবুও এ ঘটনায় ধর্ষণ মামলা নেয়া হয়েছে। আসামীকে গ্রেফতার করা হয়েছে।








