সপ্তাহের শেষদিকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাব এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা মৌসুমি লঘুচাপের কারণে আবহাওয়ায় এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এর মধ্যেও আগামী কয়েক দিন দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার (৮ মার্চ) সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি পরবর্তী প্রায় ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল শুক্রবারও দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
তবে শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
রোববার ও সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য বাড়তে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সংমিশ্রণের ফলে এই পরিস্থিতি তৈরি হতে পারে।
Jahan








