চলতি মার্চ মাসে দেশে একটি বা দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে। তবে বঙ্গোপসাগরে এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সানজানা








