ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: ২২:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের দিনে গরম অনুভূত হতে পারে, তবে রাতের সময় আবহাওয়া স্বস্তিদায়ক থাকবে। আপাতত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ বিহার ও সংলগ্ন এলাকায় বিরাজ করছে।

এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবারও আবহাওয়ার একই ধারা অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে সিলেট বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রা দিনে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার সারা দেশে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

Mily

×