বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে নতুন নির্দেশনা দিয়েছে। বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে একাধিক নির্দেশনা মানা বাধ্যতামূলক। বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান ও এসি কেবল প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দিনের আলো ব্যবহার বাড়াতে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।
ব্যাংক কর্মকর্তাদের জন্য সরকারি গাড়ি ব্যবহার সীমিত করা হবে এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমাতে হবে। একই সঙ্গে কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করা হবে। জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ এবং অপ্রয়োজনীয় সাজসজ্জা ও ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশও রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার প্রেক্ষাপটে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করাই মূল উদ্দেশ্য। এর পাশাপাশি, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের পূর্ববর্তী নির্দেশনাগুলোও কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
Mily







