ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে ‘জংলি’

প্রকাশিত: ২৩:৫৬, ৪ মে ২০২৫

পাকিস্তানে উর্দু ভাষায় মুক্তি পাচ্ছে ‘জংলি’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র ‘জংলি’ এবার উর্দুতে ডাবিং করে মুক্তি পাচ্ছে পাকিস্তানে। ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি দারুণ জনপ্রিয়তা অর্জন করে এবং দর্শকদের বিপুল প্রশংসা কুড়ায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার এটি উর্দু ভাষায় ডাবিং করে পাকিস্তানে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এম রাহিম এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন শিশু শিল্পী নৈঋতা (পাখি চরিত্রে), জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, এবং এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও বর্তমানে নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন গানের জগতের কিংবদন্তি প্রিন্স মাহমুদ।

জানা গেছে, পাকিস্তানের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি পরিবেশনা সংস্থা ‘জংলি’ সিনেমাটি সে দেশে মুক্তি দিচ্ছে।

সংস্থাটির কর্ণধার আসিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা খুব শিগগিরই ‘জংলি’ সিনেমাটি উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। ইতিমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সব ধরনের চুক্তি সম্পন্ন হয়েছে এবং ডাবিংয়ের কাজ চলছে। এটাই হবে প্রথম কোনো বাংলা চলচ্চিত্র, যা উর্দু ভাষায় ডাবিং করে পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে।”

‘জংলি’ সিনেমাটি এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এটি আমেরিকা ও কানাডার ৪০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় এবং সেখানেও দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পায় বলে জানিয়েছে পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো।

চলচ্চিত্রটির গল্প লিখেছেন আজাদ খান এবং চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। প্রযোজনা করেছে বাংলাদেশের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, “পাকিস্তানে মুক্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন কেবল ডাবিংয়ের কাজ চলছে। খুব শিগগিরই প্রিয় দর্শকদের ভালোবাসার সিনেমা ‘জংলি’ পাকিস্তানে মুক্তি পাবে।”

বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক অগ্রযাত্রায় এটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এবার দেখা যাক, উর্দু ভাষায় ‘জংলি’ পাকিস্তানের দর্শকদের মন কতটা জয় করতে পারে।

এম.কে.

×