অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১০টি বিশেষ নির্দেশনা মেনে ফেরত আসা পণ্যের চালান পুনরায় রফতানি করতে পারবে। রাজস্ব বোর্ডের কাস্টমস ও বন্ড বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ফেরত আসা পণ্য চালানের আমদানি ও রফতানি সংক্রান্ত সব দলিল যথাযথভাবে যাচাই করে নিশ্চিত হতে হবে। ন্যূনতম একজন সহকারী কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পণ্য চালানগুলো শতভাগ কার্যকর পরীক্ষা করে পণ্যের বর্ণনা, ওজন, সংখ্যা বা পরিমাণ প্রভৃতি নিশ্চিত হয়ে খালাস ও পুনরায় রফতানি কার্যক্রম শেষ করতে হবে।
খালাসকালে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরের অনাপত্তিপত্র দাখিল করার পাশাপাশি পুনরায় রফতানির আগে সংশ্লিষ্ট লিয়েন ব্যাংক এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এছাড়া পণ্য খালাসকালে হালনাগাদ অথবা বর্ধিত জাহাজীকরণের মেয়াদ সম্পন্ন রফতানি আদেশের কপি দাখিল করতে হবে।


