অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা (সিএমএসএমই) যেন সহজে ব্যাংক থেকে স্বল্প সুদে বিশেষ প্রণোদনার ঋণ নিতে পারেন, সেজন্য নীতিমালা আরও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত সিএমএসএমই খাতের ২০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ বাস্তবায়ন সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সময়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রণোদনা প্যাকেজের আওতায় দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন কার্যক্রম চলমান। এ পর্যায়ে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন আরও সহজতর করতে বেশকিছু নির্দেশনাসহ নতুন কিছু নির্দেশনা যোগ করে একীভূত আকারে সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রণোদনা প্যাকেজের আওতায় বরাদ্দকৃত মোট লক্ষ্যমাত্রার ন্যূনতম ৭০ শতাংশ কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতে এবং সর্বোচ্চ ৩০ শতাংশ মাঝারি শিল্প খাতে প্রদান করা যাবে। আর কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প খাতে প্রদত্ত ন্যূনতম ৭০ শতাংশের মধ্যে উৎপাদন ও সেবা উপখাতে সম্মিলিতভাবে ন্যূনতম ৬৫ শতাংশ এবং ট্রেডিং (ব্যবসা) উপখাতে সর্বোচ্চ ৩৫ শতাংশ প্রদান করা যাবে। একইসঙ্গে মাঝারি শিল্প খাতে প্রদত্ত সর্বোচ্চ ৩০ শতাংশ উৎপাদন ও সেবা উপখাত হতে সম্মিলিতভাবে অর্জন করতে হবে। এই প্যাকেজের আওতায় বছরে মোট ঋণ বা বিনিয়োগের ন্যূনতম ৮ শতাংশ নারী উদ্যোক্তাদের দিতে হবে।


