অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে ব্যবসায়ীদের দেয়া বিশেষ ঋণ সুবিধার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ঋণ পাবেন কাঁচা চামড়ার ব্যবসায়ীরা। এর আগে, ঋণ নেয়ার সময় ছিল চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, ২০২০ সালে কোরবানির পশুর চামড়া কেনার উদ্দেশে বিতরণ করা ঋণের অপরিশোধিত অর্থ পুনর্তফসিলসহ কোন ধরনের কম্প্রোমাইজড এ্যামাউন্ট আদায় ব্যতীত ২০২১ সালে কোরবানির পশুর চামড়া কেনার উদ্দেশে নতুন ঋণ দেয়ার সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত ছিল। এ সুবিধা দেয়ার সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে।
জানা গেছে, প্রতিবছর ঈদ-উল-আজহার আগে এ ঋণ দেয়া হয়। নিয়ম অনুযায়ী যারা আগের বছরের ঋণ পুরোপুরি শোধ করেন, শুধু তারাই এ ঋণ পান। এছাড়াও ব্যাংক-গ্রাহক সম্পর্কের বিবেচনায় অনেক প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে। তবে করোনা মহামারীতে কাঁচামাল সংরক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিতে এ খাতে ঋণ বিতরণে অগ্রাধিকার দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে চামড়া কেনার সুবিধার্থে বিশেষ সুবিধায় ঋণ পুনর্তফসিলের সুযোগ দেয়া হয়। এর আগে সার্কুলারে বলা হয়, দেশীয় কাঁচামালভিত্তিক চামড়া শিল্পে ব্যবহৃত কাঁচামালের প্রায় অর্ধেক যোগান আসে প্রতিবছর কোরবানির পশুর চামড়া থেকে। এ সময় চামড়া ব্যবসায়ীদের নিকট প্রয়োজনীয় অর্থের যোগান নিশ্চিত করা গেলে একদিকে মূল্যবান কাঁচামাল সংরক্ষণ করা সম্ভবপর হবে, অন্যদিকে কোরবানির পশুর চামড়া বিক্রির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী আর্থিকভাবে উপকৃত হবে।


