শনিবার ছিল ভাষার মাস ফেব্রুয়ারির শেষদিন। আর মাসজুড়ে নানা অনুষ্ঠানসহ ফেব্রুয়ারির সমাপনী দিনেও অনুষ্ঠিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।
এ উপলক্ষে ফরাসি সাংস্কৃতিক আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা তাদের নুভেল ভগ মিলনায়তনে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতা এবিএম নজমুল হুদার নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা মাতৃভাষার গুরুত্ব ও ভাষাগত বৈচিত্র্যের তাৎপর্য তুলে ধরে।
এই প্রদর্শনীতে দেখানো হয় প্রামাণ্যচিত্র ‘ম্রো রূপকথা’। ছবিটিতে ম্রো ভাষায় রচিত প্রথম সাহিত্যগ্রন্থ প্রকাশের ইতিহাস ও তার নেপথ্যের গল্প তুলে ধরা হয়েছে। সাংস্কৃতিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছে।
এছাড়াও বিশেষ এ আয়োজনে প্রদর্শিত হয় ‘দ্য কনসিকোয়েন্স’ নামের স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র; যা ম্রোদের ঐতিহ্যবাহী এক লোকগাথার অবলম্বনে নির্মিত। এটি ম্রো ভাষায় নির্মিত প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র। সেই সুবাদে ধারণা করা হয়, বাংলা ভাষার বাইরে এটিই বাংলাদেশে নির্মিত অন্য ভাষার প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র।
প্রদর্শনী শেষে নির্মাতা এবি এম নাজমুল হুদা বলেন, আমাদের ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে আমাদের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ভাষা আন্দোলনের প্রেরণা। বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ৪১টির বেশি ভাষা প্রচলিত রয়েছে, যার মধ্যে কিছু ভাষা বিপন্ন অবস্থায় রয়েছে। এসব ভাষার নিজস্ব লিখিত বর্ণমালা নেই অথবা এসব ভাষায় খুব অল্প সংখ্যক মানুষ কথা বলে। ভাষা মানব সভ্যতার অন্যতম শক্তিশালী ও অর্থবহ অর্জন।
নির্মাতা আশা প্রকাশ করেন যে, এ ধরনের চলচ্চিত্র মাতৃভাষা চর্চা ও সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং মানুষকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। আমার বিশ্বাস, সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান ও সুস্থভাবে লালন করা গেলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব।
প্রসঙ্গত, এবি এম নাজমুল হুদা বাংলাদেশের একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর গল্প বলার ভিন্ন এক ভাষা খুঁজে নেন তিনি। প্রাতিষ্ঠানিক চলচ্চিত্র শিক্ষার পরিবর্তে বাস্তব অভিজ্ঞতাকে পুঁজি করেছেন এই নির্মাতা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অন্তর্যাত্রা, মনপুরা, গেরিলা এবং বাড়ির নাম শাহানা।
তিনি একাধিক টেলিভিশন নাটক ও অনুষ্ঠান রচনা ও পরিচালনা করেছেন। এগুলোর মধ্যে রয়েছে উত্তরাধিকার বাংলাদেশের প্রথম টেলিভিশন রিয়েলিটি শো।
প্যানেল / জোবায়ের








