ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

এমসি কলেজে গণধর্ষণ মামলা: সাইফুরের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১৬:১০, ১৪ জুলাই ২০২৬

এমসি কলেজে গণধর্ষণ মামলা: সাইফুরের মৃত্যুদণ্ড

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ২০২০ সালে সংঘটিত বহুল আলোচিত গৃহবধূ গণধর্ষণ মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর চার আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হোসেন।
তিনি জানান, গত ৮ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত ১৪ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। নির্ধারিত দিনে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চার আসামিকে খালাস দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে তার স্বামীকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আটজনই তৎকালীন ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন। বর্তমানে মামলার সব আসামি কারাগারে রয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন। তদন্তে কয়েকজন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া ডিএনএ পরীক্ষায় ছয়জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে ২০২১ সালের ৩ ডিসেম্বর পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত বছরের মে মাসে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বিচার চলাকালে ভুক্তভোগী, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ মোট ২৪ জন সাক্ষ্য দেন।
মামলার আসামিরা হলেন— সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক), অর্জুন লস্কর, আইনুদ্দিন (আইনুল), মিসবাউল ইসলাম (রাজন), রবিউল ইসলাম এবং মাহফুজুর রহমান।

×