স্টাফ রিপোর্টার,
কক্সবাজারের কুতুবদিয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় ৪ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো এক জেলে নিখোঁজ রয়েছেন। ট্রলারটিতে থাকা অন্য সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূর গভীর সাগরে এ ঘটনা ঘটে। কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চার জেলের মরদেহ ডুবে যাওয়া ট্রলারের ভেতরেই পাওয়া গেছে।তিনি জানান, টলারে মোট ১২ জন ছিলেন। তাদের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।পরিদর্শক ফারুক হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে টলারটি ডুবে যায়। ডুবে যাওয়া টলারটি সোমবার রাত ৯টার দিকে উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়েছে। পরে সেখানে তল্লাশি করে ট্রলারের ভেতরে চার জেলের মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম বলেন, বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে ফিশিং ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।তিনি বলেন, দুর্ঘটনার পর সাত জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলের সন্ধানে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। বিকেলে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। আর নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিনি।








