ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সেই অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন প্রবাসী দুই ভাই

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ১৬:৫৭, ১১ মার্চ ২০২৬

সেই অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন প্রবাসী দুই ভাই

ছবি: দৈনিক জনকণ্ঠ।

জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্যে ছিনতাই হওয়া অটোভ্যান চালক আকালু মিয়ার পাশে দাঁড়িয়েছেন লন্ডন প্রবাসী দুই ভাই। ব্যক্তিগত অর্থায়নে তারা বৃদ্ধ চালককে নতুন একটি অটোভ্যান উপহার দিয়েছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই আনুষ্ঠানিকভাবে আকালু মিয়ার হাতে নতুন ভ্যানটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, ভ্যান চালকের পরিবার এবং প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও সাইদুর রহমানের বাবা আবদুর রাজ্জাক।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই জানান, “কয়েক দিন আগে আকালু মিয়ার অটোভ্যানটি ছিনতাই হয়েছিল। বিষয়টি জানার পর লন্ডন প্রবাসী দুই ভাই আমার সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধ চালকের জন্য নতুন ভ্যান দেওয়ার আশ্বাস দেন। আজ সেই ভ্যানটি চালকের হাতে হস্তান্তর করা হলো।”

ভ্যান চালক আকালু মিয়া নতুন ভ্যান পেয়ে দুই ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শফিকুল ইসলাম ও সাইদুর রহমানের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ৬ মার্চ বিকালে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় দু’জন দুর্বৃত্ত আকালু মিয়ার কাছ থেকে অটোভ্যানটি ছিনতাই করে। সেই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলে প্রবাসী দুই ভাই নিজের অর্থায়নে নতুন ভ্যান দেওয়ার সিদ্ধান্ত নেন।

আকালু মিয়ার বাড়ি সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামে।

এম.কে

×