ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বেলাবতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রুমেল আফ্রাদ রুবেল, বেলাব, নরসিংদী

প্রকাশিত: ১৬:৪৯, ১১ মার্চ ২০২৬

বেলাবতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকণ্ঠ।

নরসিংদীর বেলাব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত মাসিক সমন্বয় সভা–২০২৬ -এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হক।

সভায় সভাপতিত্ব করেন বেলাব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন। এ সময় সভায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা সহকারী শিক্ষা অফিসার জামাল উদ্দিন, ইউসুফ ও কবির হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাথমিক স্তরই শিক্ষার ভিত্তি। এই স্তরের শিক্ষা যত শক্তিশালী হবে, ততই ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ ও যোগ্য হয়ে উঠবে। তিনি শিক্ষকদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিয়মিত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সমন্বয় সভা শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় বেলাব উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ তাদের দক্ষতার মাধ্যমে নিজ নিজ বিদ্যালয়ের আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়ে বেলাব উপজেলাকে একটি মডেল শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।

এম.কে

×