ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

কেরানীগঞ্জে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ

প্রকাশিত: ১৬:৪১, ১১ মার্চ ২০২৬

কেরানীগঞ্জে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে পাঁচ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯১ ব্যাচের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। 

বুধবার (১১ মার্চ) বিকেলে কেরানীগঞ্জের ইস্পাহানি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সমাজের অসচ্ছল, দুস্থ ও ছিন্নমূল মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই উদ্যোগ গ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও তারা ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।

ঈদ সামগ্রীর প্যাকেজে ছিল চাল, তেল, চিনি, সেমাই, নুডুলস, পেঁয়াজ, আলু সহ নগদ অর্থ সহায়তা। প্রতিটি পরিবারের জন্য আলাদাভাবে এসব সামগ্রী প্রস্তুত করে বিতরণ করা হয় যাতে তারা স্বাচ্ছন্দ্যে ঈদের প্রস্তুতি নিতে পারেন।

সামগ্রী গ্রহণ করতে আসা অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই ধরনের সহযোগিতা তাদের জন্য অত্যন্ত সহায়ক এবং ঈদের আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন মোল্লা, মোঃ মোবারক হোসেন, আজিজুর রহমান, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন, ইমরান আহমেদ, ফারুক হোসেন, জসিম উদ্দিন স্বপনসহ এসএসসি ১৯৯১ ব্যাচের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠন সামাজিক দায়বদ্ধতা পালনে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছে।

এম.কে

×