মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের নজর কাড়ছেন তাদের স্বজনরা। বিশেষ করে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) মুজিবুর রহমান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) মহসিন মিয়া মধুর স্বজনদের সরব উপস্থিতিতে নির্বাচনী মাঠ এখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
গত কয়েকদিনে নির্বাচনী মাঠ ঘুরে দেখা য়ায়, স্বামীর পক্ষে মাঠে নেমেছেন বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের স্ত্রী, সন্তান ও স্বজনরা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন এবং এলাকার উন্নয়নে মুজিবুর রহমান চৌধুরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। পরিবারের সদস্যদের এমন আন্তরিক প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যেও বেশ উৎসাহ দেখা যাচ্ছে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধুর স্বজনদের তৎপরতাও লক্ষ্যনীয়। তার পক্ষেও স্ত্রী, সন্তান, নাতি-নাতনি ও নিকট আত্মীয়রা নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তারা বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং লিফলেট বিতরণ করছেন। নারী ভোটারদের সাথে কথা বলতে এবং তাদের সমস্যা শুনতে প্রার্থীর স্ত্রী-কন্যাদের এই তৎপরতা নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে। তবে পিছিয়ে নেই এনসিপি মনোনীত প্রার্থী (শাপলা কলি) প্রীতম দাশ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী (রিকশা) শেখ নূরে আলম হামিদী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ জরিফ হোসেন (লাঙল) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী মোঃ আবুল হাসানের (মই) প্রচারণাও।
সাধারণ ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, প্রার্থীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা সরাসরি মাঠে আসায় প্রচারণায় একটি পারিবারিক ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের অলিগলি নির্বাচনী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। তবে, এবার মৌলভীবাজার- ৪ আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি, আর প্রার্থীদের পরিবারের এই সক্রিয় অংশগ্রহণ সেই লড়াইয়ের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।
উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও চা শ্রমিক অধ্যুষিত সংসদীয় এ আসনটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল দুই উপজেলার দুইটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে গঠিত।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৮৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ২০২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৮ জন। তৃতীয় লিঙ্গের (হিজরা) ২ জন ভোটার রয়েছেন। দুই উপজেলায় ১৬৩টি স্থায়ী ভোট কেন্দ্রের ৯৩৯টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ.এইচ








