ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

টঙ্গীতে পুলিশ কমিশনারের নেতৃত্বে ৫০০ সদস্যের বিশেষ অভিযানে ৫৪ গ্রেপ্তার

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ১২:৫১, ১৬ মার্চ ২০২৬; আপডেট: ১২:৫১, ১৬ মার্চ ২০২৬

টঙ্গীতে পুলিশ কমিশনারের নেতৃত্বে ৫০০ সদস্যের বিশেষ অভিযানে ৫৪ গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

ঢাকা টঙ্গী গাজীপুরের বিশাল মাদকের আস্তানা ও ক্রাইমজোন হিসাবে খ্যাত টঙ্গী বাজার হাজীর মাজার বস্তিতে পুলিশের বিশেষ অভিযানে ৫৪ মাদক বিক্রেতা ও অপরাধীকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশের ৫০০শ' আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

জিএমপি কমিশনার ইসরায়িল হাওলাদারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর এই বিপুল সংখ্যক সদস্য অংশ নিলেও অভিযান চলাকালে উল্লেখ যোগ্য কোন মাদক উদ্ধার হয়নি। সেমাবার ১৬ মার্চ টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়। মাদক বিরোধীরা বলছেন, টঙ্গী বাজার হাজীর মাজার বস্তির চারদিকে ব্লকেড দিয়ে অভিযান চালানোর পূর্বেই মাদক বিক্রেতারা অভিযানের খবর জেনে যাওয়ায় মাদক কারবারিরা মাদক শূন্য করে ফেলে টঙ্গী বাজার হাজীর মাজার বস্তি।

পুলিশ জানায়, রবিবার দিবাগত গভীর রাতে  জিএমপির পুলিশ কমিশনার ইসরায়িল হাওলাদারের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও বিজিবির ৫০০ সদস্যের অংশ গ্রহণে টঙ্গী বাজার হাজীর মাজার বস্তিতে রাতভর অভিযান চালানো হয়। অভিযানে মাদক বস্তির বিভিন্ন ঘরে ও মাটির নীচের সুড়ঙ্গ পর্যন্ত তল্লাসী করা হলেও বড় ধরনের কোনো মাদকের সন্ধান পাওয়া যায়নি। অভিযানে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক হানিফ জনকণ্ঠকে ৫৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের যাচাই বাছাই করে গ্রেপ্তার পূর্বক আদালতে পাঠানো হবে।

এ.এইচ

×