বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের কার্যক্রম শনিবার বেলা ৩টা থেকে শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাবির ওয়েবসাইট (admission. eis.du.ac.bd) থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। তাই যথাসময়ে পরীক্ষা শুরু হবে। ১ অক্টোবর থেকেই ভর্তি পরীক্ষা নিতে পুরো প্রস্তুতি নেয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার ২১ দিন আগে থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যায়। সে হিসেবে শনিবার দুপুর ৩টা থেকে আমরা প্রবেশপত্র প্রদান কার্যক্রম শুরু করেছি। এই প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম চলবে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত।’
এবার দেশের ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে ভর্তিচ্ছুরা ঢাকায় না এসে স্ব স্ব বিভাগের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। আগামী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের লিখিত (অঙ্কন), ২১ অক্টোবর বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিট ও ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

