ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে ॥ জিএম কাদের

প্রকাশিত: ২২:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ বিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে ॥ জিএম কাদের

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার ভ্যাকসিন না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমের সামনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে ভ্যাকসিন দিতে রাজি হচ্ছে না। যদি তাই হয়, তাহলে বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে। শনিবার রাজধানীর বারিধারায় জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ১৯৯৬ সালে পাসপোর্টভিত্তিক জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ৯৬তম। কিন্তু বাংলাদেশের অবস্থান নিম্নগামী হতে হতে বর্তমানে ১০৬তম অবস্থানে এসেছে। বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের মর্যাদা বাড়তে পারে। কিন্তু সাধারণ মানুষের মর্যাদা মোটেও বাড়েনি, বরং কমেছে। তাই এখন বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কেউ দেশের বাইরে গেলে তাকে নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে। জাপা চেয়ারম্যান দাবি করেন, হুসেইন মুহম্মদ এরশাদের দেশ পরিচালনার সময়ে দেশে তুলনামূলকভাবে বেশি সুশাসন ছিল। জাতীয় পার্টির শাসনামলে কেউই আইনের উর্ধে ছিল না। তাই দেশের মানুষ মনেপ্রাণে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি হিসেবে প্রত্যাশা করছে। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিরোধীদলীয় উপনেতা বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সব জেলা কাউন্সিল শেষ করতে হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আটটি বিভাগীয় শহরে কর্মী সমাবেশ করা হবে। পরিস্থিতির উন্নতি হলে বিভাগীয় শহরে জনসভা করা হবে। তখন জাতীয় পার্টি রাজনীতির রোডম্যাপ ঘোষণা করবে। প্রতিটি নির্বাচনে অংশ নেবে জাতীয় পাটি। নির্বাচনের মাধ্যমে গণমানুষের কাছে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন ও সুশাসনের চিত্র তুলে ধরা হবে। নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সর্বাত্মক কাজ করতে হবে। যারা বিরুদ্ধাচারণ করবে, তাদের পার্টির শত্রু হিসেবে বিবেচনা করা হবে। জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। সংগঠনের সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের সঞ্চালনায় এ সময় হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শেখ সারোয়ার হোসেন, দ্বীন ইসলাম শেখ, ওয়াশির রহমান দোলন উপস্থিত ছিলেন।
×