ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

গল্প

প্রিয় স্বাধীনতা

আব্দুল হালীম বাচ্চু

প্রকাশিত: ২০:৫৬, ৬ মার্চ ২০২৬

প্রিয় স্বাধীনতা

মার্চ এলেই আমাদের ছোট্ট গ্রামটা যেন একটু বদলে যায়। বাতাসে কেমন এক গম্ভীর সুর বাজে। স্কুলের উঠানে লাল-সবুজ পতাকা উড়তে থাকে, আর আমরা সারি বেঁধে দাঁড়িয়ে গাই- ‘আমার সোনার বাংলা’।
পঞ্চম শ্রেণির ছাত্র উল্লাস এবার প্রথমবারের মতো বুঝতে চাইল- মার্চ কেন এত বিশেষ?
এক বিকেলে সে দাদির পাশে বসে জিজ্ঞেস করল, ‘দাদি, সবাই বলে অগ্নিঝরা মার্চ। আগুন ঝরেছিল নাকি আকাশ থেকে?’
দাদি মৃদু হেসে বললেন, ‘না রে, আগুন ঝরেছিল মানুষের বুক থেকে।’
উল্লাস বিস্মিত চোখে তাকিয়ে রইল। দাদি বলতে শুরু করলেন, ‘১৯৭১ সালের মার্চ মাসে আমাদের দেশ তখনো স্বাধীন হয়নি। মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখত। আর তখনই পাকিস্তানি শাসকদের জুলুম-শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ডাক আসে। সেই ডাকে সারা বাংলার মানুষ তখন জেগে ওঠে। শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু ২৫শে মার্চের কালরাত্রিতে নেমে এলো ভয়ংকর আঘাত। নিরস্ত্র মানুষের ওপর শুরু হলো নির্মম হামলা। সেই রাতের পর থেকেই দেশজুড়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। গ্রাম থেকে শহর- সবখানে মানুষ প্রতিরোধ গড়ে তোলে। কেউ অস্ত্র হাতে, কেউ আশ্রয় দিয়ে, কেউ খবর পৌঁছে দিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ায়।
দাদি একটু থেমে বললেন, ‘সেই যুদ্ধে প্রায় ৩০ লক্ষ মানুষ শহিদ হয়েছিলেন। আর প্রায় ২ লাখ মা-বোন অসম্মান আর নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের ত্যাগেই আমরা পেয়েছি স্বাধীন দেশ। তোদের পাশের গ্রাম বাউশগাড়ি ডেমরাতে শহিদ হয়েছিল প্রায় আটশো নিরস্ত্র মানুষ!’
উল্লাসের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, স্বাধীনতা শুধু আনন্দের গল্প নয়, এটা অনেক কষ্ট আর ত্যাগের ইতিহাস।
দাদি বলল, ‘আমিও তখন তরুণী ছিলাম, ভয় ছিল, কিন্তু দেশের জন্য ভালোবাসা ছিল আরও বড়ো।’
পরদিন স্কুলে শিক্ষক বললেন, ‘মার্চ মানে সাহসের মাস। স্বাধীনতার মাস। রক্তে লেখা স্বপ্নের মাস।’
উল্লাস বাসায় ফিরে নিজের খাতায় লিখল, ‘অগ্নিঝরা মার্চ মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নাম সাহস। ত্যাগের স্মৃতি মনে রেখে দেশকে ভালোবাসা।’
২৬শে মার্চ সকালে পতাকা উত্তোলনের সময় উল্লাস সবার সঙ্গে দাঁড়িয়ে স্যালুট করল। তার মনে দৃঢ় প্রতিজ্ঞা- সে ভালো মানুষ হবে, দেশকে ভালোবাসবে, শহিদদের স্বপ্ন রক্ষা করবে। মার্চের রোদ সবুজ মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে। হাওয়ায় দুলছে পতাকা। উল্লাস বুঝে গেল- অগ্নিঝরা মার্চ শুধু ইতিহাস নয়, এটা আমাদের স্বাধীনতার মাস; যা প্রতিটি শিশুর মনে জ্বলজ্বল করবে চিরদিন।

প্যানেল/মো.

×