গার্লিক বার্টার শ্রিম্প
যা লাগবে : ৮ টেবিল চামচ আনসল্টেড মাখন, দেড় পাউন্ড মাঝারি আকৃতির চিংড়ি, লবণ এবং গোল মরিচের গুঁড়া, ৫ কোয়া রসুনের কুচি, ১/৪ কাপ চিকেন স্টক, ১টি লেবুর রস, ২ টেবিল চামচ পার্সলি পাতা কুচি।
যেভাবে করবেন : মাঝরি আঁচে চুলায় প্যান গরম করতে দিন। এতে দুই টেবিল চামচ মাখন দিয়ে দিন। মাখন গলে এলে এতে লবণ, গোল মরিচের গুঁড়া এবং চিড়িং মাছ দিয়ে ২-৩ মিনিট নাড়তে থাকুন। চিংড়ি মাছগুলো হালকা বাদামি হয়ে এলে নামিয়ে ফেলুন। একই প্যানে রসুন কুচি দিয়ে এক মিনিট নাড়ুন। এরপর এতে চিকেন স্টক এবং লেবুর রস দিয়ে দিন। চিকেন স্টক জ্বাল হয়ে ঘন হয়ে এলে জ্বাল কমিয়ে দিন। তারপর এতে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে এতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিন। চিংড়ি মাছগুলো কিছুটা রান্না হয়ে এলে নামিয়ে ফেলুন। উপরে পার্সলি পাতাকুচি দিয়ে পরিবেশন করুন মজাদার গার্লিক বাটার শ্রিম্প।
আস্ত ইলিশ কাবাব
যা লাগবে : আস্ত ইলিশ মাছ- ১টি (৯০০-১০০০) গ্রাম, আলু সিদ্ধ- ১ কাপ (ভর্তা করে নেয়া), বিস্কুটের গুঁড়া- ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা- ১/২ কাপ, লেবুর রস- ১ টেবিল চামচ, টমেটো সস- ২ টেবিল চামচ, লেবুর খোসা মিহি কুচি- ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া- ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি- ১ চা চামচ, কাঁচামরিচ কুচি- ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ, ঘি বা তেল- ২ টেবিল চামচ।
যেভাবে করবেন : প্রথমে মাছের মাথা ও লেজ কেটে নিন। পেট থেকে ময়লা বের করে ধুয়ে নিন। একটি পাতিলে পানি ও লবণের সঙ্গে মাছ দিয়ে মাঝারি আঁচে ৩০ মিনিট সিদ্ধ করুন (এই পানিটা ইলিশের স্টক, তাই চাইলে এটাকে অন্য কাজে ব্যবহার করতে পারেন)। পানি থেকে মাছ তুলে নিন। মাছ ঠা-া করে কাঁটা ছাড়িয়ে নিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে একটু হলুদ-লবণ মাখিয়ে মাছের মাথা ও লেজ ভেজে নিন। এবার প্যানে একটু তেল দিয়ে অল্প আঁচে বিস্কুটের গুঁড়া বাদামি করে ভেজে তুলে রাখুন। এখন মাছের সঙ্গে ১/২ কাপ ভাজা বিস্কুটের গুঁড়া ও ঘি বাদে বাকি সব উপকরণ নিয়ে ভাল করে মিশিয়ে নিন। ফ্রাইপ্যানে ঘি দিয়ে মাছের মিশ্রণ দিয়ে বাদামি করে ভাজুন। অনবরত নাড়তে হবে। সার্ভিং ডিশে মাথা ও লেজ বিছিয়ে মাঝখানে কাবাব দিয়ে মাছের শেপ করে নিন। পরে তুলে রাখা বিস্কুটের গুঁড়া দিয়ে সাজিয়ে নিন। চামচ দিয়ে মাছের আইশের আকারে ডিজাইন করতে পারেন। চাকু দিয়ে কেটে পিস করে নিন। গরম পোলাও বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
পাবদার সর্ষে ঝাল
যা লাগবে : ৪/৫টি মাঝারি পাবদা মাছ, আধা চা চামচ কালিজিরা, ২/৩টি কাঁচামরিচ, ২ চা চামচ সাদা সরিষা, ১ চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, লবণ স্বাদমতো, ১টি ছোট টমেটো কুচি, আধা চা চামচ আদা বাটা, ১ চা চামচ পেঁয়াজ বাটা, ৪/৫ টেবিল চামচ সরিষার তেল, ধনেপাতা কুচি।
যেভাবে করবেন : প্রথম মাছ পরিষ্কার করে ধুয়ে নিন। মুছে শুকিয়ে নিন। লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখুন ১০-১৫ মিনিট। বড় একটি প্যানে তেল গরম করে নিন। তেল থেকে ধোঁয়া ওঠা শুরু করলে এতে মাছগুলো ভেজে নিন। খুব সাবধানে ভাজবেন, নয়ত ভেঙ্গে যাবে। দুইদিকে ভেজে নিয়ে উঠিয়ে রাখুন মাছ। সরিষা, একটি কাঁচামরিচ এবং কয়েক টেবিল চামচ পানি একটি ব্লেন্ডারে নিয়ে পেস্ট তৈরি করে নিন। যে প্যানে মাছ ভাজা হয়েছিল, তাতেই আরেকটু তেল দিয়ে গরম করে নিন। তেল গরম হয়ে এলে এতে কালিজিরা এবং কাঁচামরিচ দিয়ে দিন। জিরা ফুটতে থাকলে এতে পেঁয়াজ বাটা দিয়ে দিন। মসলা কষিয়ে নিন যতক্ষণ না হালকা বাদামি হয়ে আসে। এবার এতে আদা বাটা দিয়ে কষিয়ে নিন। এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষান। ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ২ টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটা মসলায় দিয়ে দিন। মসলা কষিয়ে নিন যতক্ষণ না তেল ওপরে উঠে আসে। এরপর এতে কুচি করা টমেটো দিয়ে দিন। লবণ দিয়ে মিশিয়ে রান্না হতে দিন। টমেটো নরম হয়ে এলে এতে তৈরি করে রাখা সরিষার পেস্ট দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। ২-৩ মিনিট রান্না হতে দিন। এরপর আধা কাপ পানি মিশিয়ে নিন। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
ফুটন্ত ঝোলে ভাজা মাছগুলো আলতো করে দিয়ে দিন। ঢেকে রান্না হতে দিন ৭-১০ মিনিট। এরপর ঝোল চেখে দেখুন। কয়েক ফোঁটা সরিষার তেল ছড়িয়ে দিন। ওপরে কিছু ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ দিতে পারেন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝাল ঝাল পাবদা মাছের ঝোল।

