বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) থেকে। দেশের ৬৪ জেলার যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে জমা দিতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকট রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে গুরুত্ব দেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকের পর তিনি জরুরি ভিত্তিতে অন্তত ২ হাজার ৭০১টি কনস্টেবলের শূন্য পদ পূরণের নির্দেশ দেন। পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগের কথা জানান।
আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপে প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম জমা দেওয়ার পর যোগ্য প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।
দ্বিতীয় ধাপে প্রার্থীদের এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ নিশ্চিত করতে হবে। এজন্য প্রথমে মোবাইল থেকে ‘TRC User ID’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। পরে প্রাপ্ত পিন নম্বর ব্যবহার করে ‘TRC Yes-PIN Number’ লিখে একই নম্বরে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর সময় মোবাইল নম্বরে অন্তত ৪৫ টাকা ব্যালেন্স থাকতে হবে।
অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে নির্ধারিত নিয়োগবিধি অনুযায়ী প্রাথমিক বাছাই করা হবে। এই প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্টসংখ্যক প্রার্থীকে শারীরিক মাপ যাচাই, কাগজপত্র পরীক্ষা এবং শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (PET)-এর জন্য ডাকা হবে।
পরবর্তী ধাপে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও স্থানে উপস্থিত হয়ে শারীরিক মাপ যাচাই, কাগজপত্র পরীক্ষা এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষার মধ্যে থাকবে দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং। এই ধাপ উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার জন্য ওয়েবসাইটে পুনরায় আবেদন করতে হবে এবং আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য থাকবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, যার মোট নম্বর ১৫। এরপর প্রাথমিকভাবে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।
সব প্রক্রিয়া শেষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিতে হবে। সেখানে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি তাদের শারীরিক যোগ্যতা ও অন্যান্য তথ্য যাচাই করে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করবে।
উল্লেখ্য, এই নিয়োগের জন্য আবেদন শুরু হবে ৫ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে এবং আবেদন গ্রহণ করা হবে ৩১ মার্চ ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এ.এইচ








