ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যে কারণে একযোগে রেকর্ডসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে কানাডা! 

প্রকাশিত: ০১:৩১, ২১ অক্টোবর ২০২৫

যে কারণে একযোগে রেকর্ডসংখ্যক ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে কানাডা! 

কানাডা থেকে রেকর্ডসংখ্যক ভারতীয় নাগরিককে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে—যা দেশটির ইতিহাসে নতুন মাইলফলক তৈরি করেছে। কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)-এর সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২৫ সালে এই ফেরত পাঠানোর হার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, কানাডায় ক্রমবর্ধমান অভিবাসনবিরোধী মনোভাব এবং বিদেশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর সরকারি পদক্ষেপই এই পরিস্থিতির মূল কারণ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত কানাডা থেকে মোট ১ হাজার ৮৯১ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, যেখানে ২০২৪ সালের পুরো বছরে এই সংখ্যা ছিল ১ হাজার ৯৯৭ জন এবং ২০১৯ সালে ছিল মাত্র ৬২৫ জন। অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে এই হার কয়েকগুণ বেড়েছে।

মেক্সিকানদের পরেই ফেরত পাঠানো বিদেশিদের তালিকায় ভারতীয়রা রয়েছে দ্বিতীয় স্থানে। জুলাই পর্যন্ত কানাডা ২ হাজার ৬৭৮ জন মেক্সিকান নাগরিককে ফেরত পাঠিয়েছে।

সম্প্রতি টরন্টোতে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, তার সরকার অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনছে। তিনি জানান, বিদেশি অপরাধীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক নজরদারি বাড়ানো হচ্ছে।

কার্নির এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন কানাডায় বিদেশি অভিবাসীদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। ১০ অক্টোবর পিল রিজিওনাল পুলিশ (পিআরপি) জানায়, তারা প্রথমবারের মতো বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে অপরাধে জড়িত বিদেশিদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানোর উদ্যোগ নিচ্ছে।

এই কড়াকড়ির পেছনে একটি আলোচিত ঘটনাও ভূমিকা রেখেছে। সম্প্রতি ডাক চুরি মামলায় আটজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কানাডিয়ান পুলিশ। তাদের বিরুদ্ধে ৪৫০টিরও বেশি মেইল চুরির অভিযোগ আনা হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৪ লাখ কানাডিয়ান ডলার।

সিবিএসএর তথ্যমতে, বর্তমানে কানাডা থেকে ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা ভারতীয় নাগরিকের সংখ্যা প্রায় ৬ হাজার ৮৩৭ জন—যা সর্বোচ্চ। এরপর রয়েছে মেক্সিকোর ৫ হাজার ১৭০ জন এবং যুক্তরাষ্ট্রের ১ হাজার ৭৩৪ জন নাগরিক।

মোট ৩০ হাজার ৭৩৩ জনের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, যার মধ্যে প্রায় ২৭ হাজারই আশ্রয়প্রার্থী। আশ্রয়প্রার্থীদের মধ্যেও ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ। বিশ্লেষকদের মতে, কানাডা সরকারের অভিবাসন কঠোরতা এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল ‘বিদেশি অপরাধী’ ইস্যুটি এখন সরকারের নতুন অগ্রাধিকারে পরিণত হয়েছে।

কঠোর অভিবাসননীতি ও জনমতের চাপের কারণে কানাডায় ভারতীয় নাগরিকদের অবস্থান ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে আগামী বছর আরও বড় সংখ্যায় ভারতীয়দের ফেরত পাঠানোর আশঙ্কা করা হচ্ছে।

আফরোজা

×