//

ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

তিন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, কিমের চোখে পরমাণু যুদ্ধের শিখা

প্রকাশিত: ২০:৫৭, ১৯ আগস্ট ২০২৫

তিন শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি, কিমের চোখে পরমাণু যুদ্ধের শিখা

ছবি: সংগৃহীত

কোরীয় উপদ্বীপে আবারো যুদ্ধের মেঘ ঘনিভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শত্রুভাবাপন্ন দেশ দুইটির বিরুদ্ধে পারমাণবিক শক্তিই একমাত্র ভরসা বলে ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবার নৌবাহিনীর নবনির্মিত যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় কিম তার দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার দ্রুত সম্প্রসারণের ঘোষণা দেন। তার অভিযোগ—যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া আসলে উস্কানিমূলক কার্যক্রম, যা অঞ্চলটিতে যুদ্ধের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলছে।

কিম জং-উনের দাবি, এই মহড়াগুলোতে পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরিতা ও সংমমূলক মনোভাবের প্রতিফলন। ফলে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক ভাণ্ডার বাড়ানো এখন জরুরি হয়ে পড়েছে।

অন্যদিকে সিউল ও ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে—এসব মহড়া কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। চলতি সপ্তাহে শুরু হওয়া "উলসি ফ্রিডম শীল" মহড়া চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেমিয়ং ক্ষমতায় আসার পর এটি প্রথম যৌথ সামরিক মহড়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক জোরদার হওয়ায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ বিভিন্ন হামলার মোকাবেলায় প্রস্তুতি জোরদার করছে তারা।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সীমান্ত এলাকায় উত্তেজনা থাকলেও লাইভ-ফায়ার মহড়া স্থগিতের কোনো পরিকল্পনা নেই। উপমুখপাত্র লি ইয়ং-হোং এক সংবাদ সম্মেলনে বলেন, সীমান্তবর্তী দ্বীপগুলোতে মহড়া বন্ধ করার কোনো আলোচনা হয়নি। বরং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু হওয়ার দিনেই এই ঘোষণা দেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ার পাল্টা জবাব হিসেবে কিম জং-উনের পারমাণবিক ভাণ্ডার সম্প্রসারণের ঘোষণা উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

শেখ ফরিদ 

×